ভবিষ্যৎ পরিস্থিতি এবং সম্ভাব্য বিপদ আঁচ করে আগাম সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজনীয়তার কথা বলেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তাঁর মতে, বিপদ সংকেত বুঝে সিদ্ধান্ত নেওয়া এবং একটি পথ বন্ধ হয়ে গেলে বিকল্প পথ খুঁজে বের করার সক্ষমতা অর্জন করাই নেতৃত্বের অন্যতম প্রধান গুণ।

শনিবার (১৫ আগস্ট) খুলনা নগরীর আল ফারুক সোসাইটি মিলনায়তনে খুলনা অঞ্চল জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত বাছাইকৃত রুকন প্রার্থী শিক্ষাশিবিরে (পুরুষ-মহিলা) প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মিয়া গোলাম পরওয়ার বলেন, “ইসলামী আন্দোলনের কর্মীদের শুধু সামনে তাকালে চলবে না; দূরে তাকাতে হবে। সামনে কী হতে পারে, সেটা বুঝতে হবে। বিপদ সংকেত বুঝে সিদ্ধান্ত নেওয়ার যোগ্যতা এবং এক পথ বন্ধ হলে অন্য পথ খুলে দেওয়ার যোগ্যতা—এগুলোই হিকমতের মূল লক্ষণ।”

তিনি আরও বলেন, “দূরে তাকালে শরীর, মাজা ও মন সোজা থাকে এবং কাজের গতি চলতে থাকে। এজন্য ভবিষ্যতে কী হতে পারে, তা আগেভাগে অনুধাবন করে সঠিক সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা অর্জন করতে হবে।”

বক্তব্যে ইসলামী আন্দোলনের কর্মীদের প্রয়োজনীয় গুণাবলির কথা উল্লেখ করে জামায়াতে ইসলামীর এই নেতা তাওয়াক্কুল, বায়াত ও শুকরের গুরুত্ব বিশদভাবে ব্যাখ্যা করেন। কৃতজ্ঞতার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, আল্লাহর নেয়ামত ও অনুগ্রহের প্রতি যথাযথ কৃতজ্ঞতা প্রকাশ করলে তিনি তার নেয়ামত আরও বাড়িয়ে দেন। এ প্রসঙ্গে তিনি কুরআনের বিখ্যাত আয়াত ‘লাইন শাকারতুম লা-আজিদান্নাকুম’ উল্লেখ করেন।

প্রতিটি কর্মীকে প্রকৃত মুমিনের বৈশিষ্ট্য ধারণ এবং ইসলামী আন্দোলনের জন্য প্রয়োজনীয় চরিত্র ও যোগ্যতা অর্জনের আহ্বান জানান তিনি।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও খুলনা অঞ্চল পরিচালক অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জত উল্লাহ এমপির সভাপতিত্বে এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চল টিম সদস্য মাওলানা আবুল কালাম আজাদ এমপির পরিচালনায় এই শিক্ষাশিবির অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মাছুম, কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি ড. হামিদুর রহমান আযাদ এবং কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মো. শাহজাহান।

এ সময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চল টিম সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক এমপি, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা মহানগরী আমীর মোহাম্মদ মাহফুজুর রহমান, খুলনা অঞ্চল টিম সদস্য অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান খান এমপি, হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার এমপি, মাস্টার শফিকুল আলম, খুলনা জেলা আমীর মাওলানা এমরান হুসাইন, সাতক্ষীরা জেলা আমীর উপাধ্যক্ষ মো. শহীদুল ইসলাম মুকুল, বাগেরহাট জেলা আমীর মাওলানা রেজাউল করিম, খুলনা মহানগরী নায়েবে আমীর অধ্যাপক নজিবুর রহমান, জেলা নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা মো. কবিরুল ইসলাম, সহকারী সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস, মহানগরী অফিস সেক্রেটারি মীম মিরাজ হোসাইন, প্রচার সেক্রেটারি মুহাম্মদ আব্দুল গফুর, অধ্যাপক ইকবাল হোসেন, মাওলানা শাহারুল ইসলাম, মাওলানা শেখ মো. অলিউল্লাহ প্রমুখ।