ভারতের ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের জিরো পয়েন্টে বাংলাদেশ ও ভারতের ব্যবসায়ী এবং সীমান্তরক্ষী বাহিনীর সদস্যদের মধ্যে এক মিলনমেলা ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে ভোমরা স্থলবন্দরের জিরো পয়েন্টে এই আয়োজনের সূচনা হয়। অনুষ্ঠানে দুই দেশের ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ একে অপরকে ফুল ও মিষ্টি দিয়ে শুভেচ্ছা জানান।
অনুষ্ঠানে ভারতের ঘোজাডাঙ্গা এক্সপোর্টার অ্যান্ড ইমপোর্টার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি জিয়াউল হক চৌধুরী ও সাধারণ সম্পাদক রাজু সাহাজি ভোমরা স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি রামকৃষ্ণ চক্রবর্তী ও সাধারণ সম্পাদক ওহিদুল ইসলামকে উত্তরীয় ও ব্যাজ পরিয়ে বরণ করে নেন।
একই সময়ে ভোমরা বিজিবির কোম্পানি কমান্ডার আফজাল হোসেন ভারতের ঘোজাডাঙ্গা বিএসএফ ক্যাম্পের কর্মকর্তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এছাড়া ভোমরা স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের পক্ষ থেকেও ভারতীয় ব্যবসায়ী নেতাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
শুভেচ্ছা বিনিময়ের সময় দুই দেশের ব্যবসায়ীরা আন্তর্জাতিক বাণিজ্য সম্প্রসারণ, পারস্পরিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার এবং সীমান্তের দুই পাড়ের মানুষের মধ্যে সুসম্পর্ক গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন।
উল্লেখ্য যে, ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে শনিবার ভোমরা স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম সম্পূর্ণ বন্ধ ছিল।