সারাদেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় এই রোগে আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। এর ফলে চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৭ জনে। একই সময়ে নতুন করে আরও ৭৩০ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
শনিবার (১৫ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিভিন্ন বিভাগে ভর্তির সংখ্যা ভিন্ন ভিন্ন। এর মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৭১ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৩৭ জন, খুলনা বিভাগে ১২৩ জন, বরিশাল বিভাগে ১০৭ জন, চট্টগ্রাম বিভাগে ৮৯ জন, ঢাকা বিভাগের সিটি করপোরেশনের বাইরে ৬৬ জন, ময়মনসিংহ বিভাগে ২৭ জন এবং রংপুর বিভাগে ১০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তর আরও জানিয়েছে, চলতি বছরে এখন পর্যন্ত মোট ২৩ হাজার ১৭৩ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। যার মধ্যে চলতি মাসে ৭ হাজার ৮৬৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ বছর জুলাই মাসে সর্বোচ্চ ৯ হাজার ২০৬ জন এবং জুনে দ্বিতীয় সর্বোচ্চ ২ হাজার ৯০৭ জন হাসপাতালে ভর্তি হয়েছিলেন।
মৃত্যুর পরিসংখ্যান বিশ্লেষণে দেখা যায়, চলতি বছরে এখন পর্যন্ত মোট ৬৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে চলতি মাসে মারা গেছেন ১৩ জন। এছাড়া জানুয়ারিতে ২ জন, ফেব্রুয়ারিতে ২ জন, মে মাসে ১ জন, জুনে ১৩ জন এবং জুলাই মাসে ৩৬ জনের মৃত্যু হয়েছে।