রাঙামাটির কাপ্তাইয়ে অবস্থিত বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটে (বিএসপিআই) শিক্ষার্থীদের দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে অন্তত ১৩ জন আহত হয়েছেন। আঞ্চলিক ফোরামের দ্বন্দ্ব এবং সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া একটি পোস্টকে কেন্দ্র করে এই অপ্রীতিকর ঘটনা ঘটে বলে জানা গেছে।

গত শুক্রবার (১৪ আগস্ট) রাত ১০টা থেকে ১২টা পর্যন্ত প্রতিষ্ঠানটির ছাত্রাবাসে এই ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ চলে। পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাহাঙ্গীর হোসেন জানান, "আঞ্চলিক ফোরামের দ্বন্দ্ব ও সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া একটি স্ট্যাটাসকে কেন্দ্র করে রাত সাড়ে ১০টার দিকে ছাত্রাবাসে দুপক্ষের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষে রূপ নেয়। এতে দুপক্ষের অন্তত ১৩ জন শিক্ষার্থী আহত হন। আহতদের রাত ১টার দিকে উদ্ধার করে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।"

ঘটনা প্রসঙ্গে কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেল বলেন, "খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। বর্তমানে ক্যাম্পাসের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।"

এদিকে সংঘর্ষের প্রকৃত কারণ অনুসন্ধান এবং জড়িতদের শনাক্ত করতে কর্তৃপক্ষ সাত সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। ইনস্টিটিউটের অটোমোবাইল বিভাগের প্রধান প্রকৌশলী রহমত উল্লাহকে এই কমিটির আহ্বায়ক করা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।