দেশে হামের ভয়াবহতা আরও বাড়ছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আরও ৭৯৮ জনের শরীরে হাম ও এর উপসর্গ দেখা গেছে।
শনিবার (১৫ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। অধিদপ্তরের দেওয়া তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৮ শিশুর মৃত্যু এবং নতুন করে ৭২৮ জনের শরীরে এই রোগের উপসর্গ দেখা দিয়েছে। এছাড়া নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছেন আরও ৭০ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে দেশে মোট ৮০৩ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে ৯৯ শিশু। সব মিলিয়ে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৯০২ জনে।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে যে, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে ১৭ হাজার ৮০০ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে। একই সময়ে মোট ১ লাখ ৪১ হাজার ৭৭৬ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে।
এর মধ্যে ১ লাখ ২৩ হাজার ৪৯৪ শিশুকে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ১ লাখ ১৯ হাজার ৮৯ শিশু।