খাগড়াছড়ির গুইমারায় একটি মাইক্রোবাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক আরোহী নিহত হয়েছেন। আজ শনিবার দুপুর ১২টার দিকে খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কের বিজিবি সেক্টর হাসপাতালের কাছে উপজেলার জালিয়াপাড়া এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।

নিহত ব্যক্তির পরিচয় পাওয়া গেছে শুদ্ধ অং মারমা (৪০) হিসেবে। তিনি খাগড়াছড়ির রামগড় উপজেলার পাতাছড়া ইউনিয়নের পাগলাপাড়া গ্রামের বাসিন্দা রুইচাই মারমার ছেলে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দুপুরের দিকে গুইমারা বাজার থেকে মোটরসাইকেলে করে রামগড়ের দিকে যাচ্ছিলেন শুদ্ধ অং মারমা। সেই সময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির মাইক্রোবাসের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনা প্রসঙ্গে গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহরাওয়ার্দী বলেন, "ঘটনার পর মাইক্রোবাসের চালক ও মাইক্রোবাসের যাত্রীরা পালিয়েছেন। তবে মাইক্রোবাসটি পুলিশ জব্দ করেছে। পুলিশ এখনো ঘটনাস্থলে রয়েছে। নিহত শুদ্ধ অং মারমার পরিবারের লোকজনকে খবর দেওয়া হয়েছে।"