রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় আজ শনিবার ইন্টারনেটে ধীরগতি দেখা যাচ্ছে। ফলে ব্যবহারকারীরা ভোগান্তিতে পড়েছেন।

বাংলাদেশ সাবমেরিন কেব্‌লস পিএলসির (বিএসসিপিএলসি) সূত্রে জানা গেছে, বেলা সাড়ে ১১টা থেকে বেলা ২টা পর্যন্ত সি-এমই-ডব্লিউই-৫ পূর্ব ও পশ্চিম—দুই দিকের সংযোগই বন্ধ ছিল। পরে কেব্‌লটির সংযোগ স্বাভাবিক হয়।

বিএসসিপিএলসি আরও জানিয়েছে, কুয়াকাটায় অবস্থিত দেশের দ্বিতীয় সাবমেরিন কেব্‌ল সি-এমই-ডব্লিউই-৫ প্রায় আড়াই ঘণ্টা ডাউন ছিল। বেলা সাড়ে ১১টার দিকে কেব্‌লটির সংযোগ পুরোপুরি বন্ধ হয়ে যায়। এরপর বেলা দুইটার দিকে তা আবার সচল হয়। এ সময় দেশের বিভিন্ন জায়গায় ইন্টারনেট ব্যবহারে ধীরগতি দেখা দেয়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শ্রীলঙ্কার দক্ষিণাঞ্চলের উপকূলীয় শহর মাতারায় এসএমডব্লিউ-৫-এর ল্যান্ডিং স্টেশন বা সংশ্লিষ্ট সরঞ্জামে ত্রুটি দেখা দিতে পারে। তবে ত্রুটির সুনির্দিষ্ট স্থান ও কারণ এখনো নিশ্চিত নয়।

বিএসসিপিএলসির সূত্র বলছে, কেব্‌লটি অচল থাকার সময়ে বিকল্প পথে আন্তর্জাতিক ব্যান্ডউইথ সরবরাহ করা হলেও কোথাও কোথাও ইন্টারনেটের গতি কমে যায়। কেব্‌লটি সচল হওয়ার পর পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে। বিএসসিপিএলসির জ্যেষ্ঠ কর্মকর্তা মুক্তকণ্ঠকে বলেন, ‘কারিগরি ত্রুটির কারণে কিছু সময় ডাউন ছিল। এখন আবার স্বাভাবিক। সামগ্রিকভাবে ইন্টারনেটে খুব বেশি প্রভাব পড়েনি।’