বলিউড অভিনেত্রী পূজা বেদি সাম্প্রতিক এক সাক্ষাৎকারে আমির খানের সঙ্গে কাজের সময়কার একটি মজার ঘটনা তুলে ধরেছেন। ‘আতঙ্ক হি আতঙ্ক’ ছবির একটি ঘনিষ্ঠ দৃশ্যের শুটিংয়ের পর তাঁরা দুজনকে একটি ঘরে একা থাকতে বলা হয়েছিল। ওই সময় পূজার মধ্যে কিছুটা অস্বস্তি ও দুশ্চিন্তা জমে উঠেছিল। তবে আমিরের একটি প্রশ্নই মুহূর্তে পরিস্থিতির টানাপোড়েন কমিয়ে দেয়, ‘দাবা খেলবে?’
১৯৯২ সালে মুক্তি পাওয়া ‘জো জিতা ওহি সিকান্দার’ ছবিতে আমির খান ও পূজা বেদি একসঙ্গে অভিনয় করেছিলেন। মনসুর খান পরিচালিত ছবিটি পরবর্তী সময়ে হিন্দি সিনেমার অন্যতম জনপ্রিয় ‘কামিং–অব–এজ’ চলচ্চিত্রে পরিণত হয়। ছবিতে তাঁদের সঙ্গে ছিলেন আয়েশা ঝুলকা, দীপক তিজোরি ও মামিক সিং।
সম্প্রতি পুরোনো এক সাক্ষাৎকারে পূজাকে প্রশ্ন করা হয়, ‘জো জিতা ওহি সিকান্দার’–এর সময় আমিরের সঙ্গে তাঁর প্রেমের গুঞ্জন সত্যি ছিল কি না। প্রশ্ন শুনে হেসেই উড়িয়ে দেন অভিনেত্রী। তাঁর ভাষায়, এমন ধারণা ‘মজা করার মতো’।
তবে আমিরকে ঘিরে আরেকটি স্মৃতি শেয়ার করেন পূজা। সেটি ‘আতঙ্ক হি আতঙ্ক’ ছবির শুটিংয়ের সময়কার। ছবিতে অতিথি চরিত্রে ছিলেন পূজা। সেখানে আমিরের সঙ্গে একটি আবেগঘন ঘনিষ্ঠ দৃশ্যের শুটিং করেছিলেন তিনি। শেষ পর্যন্ত অবশ্য সেই দৃশ্য ছবিতে রাখা হয়নি।
পূজার বর্ণনা অনুযায়ী, মুম্বাইয়ের ফিল্ম সিটির কাছে একটি বাংলোয় শুটিং হয়েছিল। সে সময়কার পরিবেশও ছিল আজকের চেয়ে আলাদা। এখনকার মতো প্রতিটি শুটিং শেষে অভিনয়শিল্পীরা সাধারণত নিজেদের ভ্যানিটি ভ্যানে ফিরে যান না—এ বিষয়টিও উল্লেখ করেছেন পূজা।
ঘনিষ্ঠ দৃশ্যটির শুটিং শেষ হওয়ার পর পূজা ও আমিরকে একটি ঘরে অপেক্ষা করতে বলা হয়। ঘরে একটি বিছানাও ছিল। তখন বয়সে তরুণ পূজা পরিস্থিতিতে কিছুটা নার্ভাস হয়ে পড়েন। তাঁর মাথায় তখন নানা চিন্তা ঘুরছিল—বলিউডের নানা গল্প ও গুঞ্জনও ভেসে উঠছিল। ফলে দরজা বন্ধ করে দুজন যখন নীরবে বসেছিলেন, তখন পূজার অস্বস্তি আরও বাড়তে থাকে।
এরপরই আসে অপ্রত্যাশিত মুহূর্ত। পূজার ভাষ্য অনুযায়ী, আমির হঠাৎ তাঁর দিকে তাকিয়ে জিজ্ঞাসা করেন, ‘দাবা খেলবে?’ প্রশ্নটি শুনেই স্বস্তি ফিরে আসে পূজার। কারণ, তাঁরা দুজন আগেও একসঙ্গে দাবা খেলতেন। ফলে পূজা রাজি হয়ে যান এবং দাবার সেট আনতে বলেন।
বহু বছর পর ঘটনাটি স্মরণ করে আমিরকে প্রশংসাই করেছেন পূজা। তাঁর মতে, আমির ছিলেন ভদ্র ও ভালো একজন সহকর্মী। তিনি বলেন, আমির ‘অন্য ধরনের’ সহ–অভিনেতা ছিলেন না অর্থাৎ পরিস্থিতির সুযোগ নেওয়ার মতো মানুষ নন।
‘জো জিতা ওহি সিকান্দার’ মুক্তির পর আমির ও পূজাকে ঘিরে আকর্ষণ ও প্রেমের নানা গুঞ্জন ছড়িয়েছিল। এত বছর পরও সেই গুঞ্জন প্রসঙ্গে পূজার অবস্থান পরিষ্কার। তিনি হাসতে হাসতেই তা নাকচ করেছেন।
অন্যদিকে ‘আতঙ্ক হি আতঙ্ক’–এর শুটিংয়ের এই স্মৃতি পূজার কাছে যেন আমিরের ব্যক্তিত্বের আরেকটি দিক তুলে ধরে। পর্দায় ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করলেও ক্যামেরা বন্ধ হওয়ার পর পরিস্থিতিকে স্বাভাবিক রাখার জন্য দাবার মতো সাধারণ একটি বিষয় বেছে নিয়েছিলেন আমির।
পূজা বেদিকে সর্বশেষ নেটফ্লিক্সের ‘মাসাবা মাসাবা’ সিরিজে দেখা গেছে। অন্যদিকে আমির খান প্রযোজিত সিনেমা ‘বাটওয়ারা ১৯৪৭’ সিনেমাটি আগামীকাল ১৪ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।
দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস অবলম্বনে