জমি নিয়ে বিরোধের জেরে মানিকগঞ্জে এক ব্যক্তিকে ফাঁসানোর পরিকল্পনা করে উল্টো নিজেরাই পুলিশের জালে পড়লেন দুই যুবক। অন্যের বাড়ির পাশে পাইপগান পুঁতে রেখে ডিবি পুলিশকে খবর দিলেও শেষ পর্যন্ত সেই ফাঁদেই ফেঁসে গেলেন তারা।
এই ঘটনায় দুই যুবকের বিরুদ্ধে থানায় অস্ত্র নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। তাদের একজনকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয়েছে এবং অন্যজন বর্তমানে পলাতক।
আজ শনিবার সকালে জেলা গোয়েন্দা পুলিশের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। জানা গেছে, গতকাল শুক্রবার ভোরে সদর উপজেলার বরাই গ্রাম থেকে দুটি পাইপগান উদ্ধার করে জেলা ডিবির একটি দল। গ্রেপ্তার হওয়া মো. দিনা ওরফে দিদারের (৩২) বাড়ি সদর উপজেলার দেড়গ্রাম গ্রামে এবং পলাতক আসামি মো. স্বাধীনের (৩৮) বাড়ি মানিকগঞ্জ পৌর এলাকার বরাই এলাকায়।
জেলা ডিবি কার্যালয় ও বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাত আটটার দিকে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় ডিবির একটি দল অবস্থান করছিল। সেই সময় দিদার পুলিশকে জানান, মানিকগঞ্জ পৌর এলাকার বরাই এলাকায় রামপ্রসাদ ঘোষের বাড়িতে দুটি পাইপগান রয়েছে। এই তথ্যের ভিত্তিতে গত বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে ডিবি সদস্যরা দিদারকে সঙ্গে নিয়ে রামপ্রসাদ ঘোষের বাড়িতে যান।
শুরুতে তল্লাশি চালিয়ে কোনো অস্ত্র পাওয়া না গেলেও, গতকাল শুক্রবার ভোর পাঁচটার দিকে রামপ্রসাদের বাড়ির পাশে সেপটিক ট্যাংকের কাছে মাটিতে পুঁতে রাখা একটি প্লাস্টিকের বাজারের ব্যাগ উদ্ধার করা হয়। ব্যাগের ভেতরে কাপড় দিয়ে মোড়ানো অবস্থায় দুটি পাইপগান পাওয়া যায়।
অস্ত্র উদ্ধারের পর দিদারের আচরণ সন্দেহজনক মনে হলে ডিবি সদস্যরা তাকে জিজ্ঞাসাবাদ করেন। পুলিশের দাবি, "জিজ্ঞাসাবাদের একপর্যায়ে দিদার স্বীকার করেন যে পূর্বশত্রুতার জেরে রামপ্রসাদ ঘোষকে ফাঁসানোর জন্য স্বাধীন ও তিনি সেখানে পাইপগান দুটি পুঁতে রেখেছিলেন।"
এরপর ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি জানিয়ে ঘটনাস্থল থেকেই দিদারকে আটক করা হয় এবং তার দেখানো স্থান থেকে দুটি পাইপগান জব্দ করা হয়।
জেলা ডিবি পুলিশের পরিদর্শক (ওসি) মানবেন্দ্র মানব মুক্তকণ্ঠকে এই খবরের সত্যতা নিশ্চিত করেছেন। গ্রেপ্তার দিদারের দেওয়া তথ্যের ভিত্তিতে পলাতক আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।