জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় চোর সন্দেহে দুই যুবককে নির্মমভাবে মারধরের ঘটনায় এক তরুণের মৃত্যু হয়েছে। নিহত ওই যুবকের নাম লাল বাদশা (১৮)। গুরুতর আহত অপর এক যুবক বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন, যার নাম মাইদুল (১৮)।

নিহত লাল বাদশা আলমপুর ইউনিয়নের আলমপুর আদর্শ গ্রামের জামাল হোসেনের ছেলে এবং আহত মাইদুল একই এলাকার ইব্রাহিম হোসেনের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, তারা দুজন পরস্পর বন্ধু ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার (১৫ আগস্ট) সকালে মামুদপুর ইউনিয়নের মহব্বতপুর পদ্মপুকুর এলাকার একটি রাস্তার মাঠের পাশে দুই যুবককে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা। বিষয়টি ক্ষেতলাল থানায় জানালে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাল বাদশাকে মৃত অবস্থায় এবং মাইদুলকে জীবিত উদ্ধার করে। আশঙ্কাজনক অবস্থায় থাকা মাইদুলকে দ্রুত ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

হাসপাতালে চিকিৎসাধীন মাইদুল অভিযোগ করে বলেন, "জামালগঞ্জ চারমাথা এলাকা থেকে কয়েকজন ব্যক্তি তাদের ডেকে নিয়ে একটি নির্জন বাড়িতে বন্দি করে রাখে। সেখানে তাদের ওপর বেধড়ক মারধর ও অমানুষিক নির্যাতন চালানো হয়। একপর্যায়ে দুজন অচেতন হয়ে পড়লে হামলাকারীরা তাদের মাঠের পাশে ফেলে রেখে পালিয়ে যায়।"

ঘটনা প্রসঙ্গে ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুক্তারুল আলম জানান, "খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে একজনকে মৃত ও অপরজনকে আহত অবস্থায় উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চোর সন্দেহে তাদের ওপর এই নির্যাতন চালানো হয়েছে। এছাড়া অন্য কোনো কারণ থাকলে সেটিও পুলিশ উদঘাটন করছে এবং জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান শুরু করেছে।"