ঝালকাঠি জেলা কারাগার থেকে পালিয়ে যাওয়া সাজাপ্রাপ্ত আসামি মনির হাওলাদারকে প্রায় দুই বছর পর গ্রেপ্তার করেছে নলছিটি থানা-পুলিশ। শুক্রবার (১৪ আগস্ট) রাতে নলছিটি উপজেলার সিদ্ধকাঠি ইউনিয়নের ফুলহরি এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত মনির হাওলাদার ওই গ্রামের মৃত জৈনদ্দিনের ছেলে।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুজ্জামান সোহাগ এই গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, ২০১৫ সালের একটি মামলায় মনির হাওলাদারকে আদালত দুই বছরের কারাদণ্ড প্রদান করেন। সাজা ভোগ করার সময় প্রায় দুই বছর আগে তিনি ঝালকাঠি জেলা কারাগার থেকে পালিয়ে যান এবং দীর্ঘ সময় আত্মগোপনে ছিলেন। আদালতের জারি করা গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করতে শুক্রবার রাতে নলছিটি থানা-পুলিশের একটি বিশেষ দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
এ বিষয়ে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুজ্জামান সোহাগ বলেন, "জেল থেকে পালিয়ে থাকা সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত আসামি মো. মনির হাওলাদারকে গ্রেপ্তার করা হয়েছে। আদালতের নির্দেশনা অনুযায়ী তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।"