রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে ৫০০ শয্যার একটি নতুন ভবন উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই নতুন ভবনটি চালু হওয়ার ফলে হাসপাতালটির মোট শয্যার সংখ্যা এখন এক হাজারে দাঁড়িয়েছে।
আজ শনিবার সকাল ১০টার দিকে হাসপাতাল প্রাঙ্গণে নবনির্মিত ১৫ তলা ভবনটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি হাসপাতাল চত্বরে একটি গাছের চারা রোপণ করেন। এরপর মোনাজাতে অংশ নিয়ে বেলুন ও পায়রা উড়িয়ে ভবনটির আনুষ্ঠানিক উদ্বোধন সম্পন্ন করেন তিনি।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সহধর্মিণী জুবাইদা রহমান, স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, সমাজকল্যাণমন্ত্রী এ জেড এম জাহিদ হোসেনসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টদের আশা, নতুন ৫০০ শয্যা যুক্ত হওয়ায় দেশে স্নায়ুরোগে আক্রান্ত রোগীদের চিকিৎসাসেবা আরও বিস্তৃত হবে। তাঁদের দাবি, "দক্ষিণ এশিয়ার অন্য কোনো দেশে এত বড় নিউরোসায়েন্সেস হাসপাতাল নেই।"
উল্লেখ্য, ২০১২ সালে ১০ তলা ভবনে ৩০০ শয্যা নিয়ে চিকিৎসাসেবা শুরু করেছিল ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতাল। পরবর্তীতে রোগীর চাপ বৃদ্ধি পাওয়ায় আরও ২০০ শয্যা যুক্ত করা হয়। এবার ১৫ তলা নতুন ভবনে আরও ৫০০ শয্যা যোগ হওয়ায় হাসপাতালটিতে এখন মোট এক হাজার শয্যায় স্নায়ুরোগ আক্রান্ত রোগীদের চিকিৎসা প্রদান করা সম্ভব হবে।