গাজীপুরের শ্রীপুরে সালদহ নদীতে মাছ ধরার পর বাড়ি ফেরার পথে পানিতে ডুবে মো. আজিজুল ইসলাম (২০) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার বিকেল সাড়ে চারটার দিকে উপজেলার মাওনা ইউনিয়নের জয়নাতলী গ্রামের সালদহ নদীতে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা জামির হোসেন জানান, শুক্রবার দুপুর থেকে মা ও ছেলে সালদহ নদীতে ঠেলা জাল দিয়ে মাছ ধরছিলেন। আজিজুলের মা আনিছা বেগম মাছ রাখার পাত্র (খালই) নিয়ে তাঁর সঙ্গে ছিলেন। মাছ ধরা শেষ করে নদী পার হয়ে বাড়ি ফেরার সময় এই দুর্ঘটনাটি ঘটে।

আজিজুলের মায়ের বরাত দিয়ে জামির হোসেন বলেন, "আজিজুল জাল নিয়ে সাঁতরে নদীর মাঝখান পর্যন্ত চলে গিয়েছিলেন। ছেলে পার হওয়ার পাশাপাশি তিনি নিজেও নদী পার হচ্ছিলেন। কিন্তু হঠাৎ ছেলে পানিতে তলিয়ে যান। তিনি ভেবেছিলেন ছেলে হয়তো পানিতে ডুব দিয়েছেন। কিন্তু অনেকক্ষণ ধরে পানি থেকে ছেলে উঠছেন না বুঝতে পেরে তিনি চিৎকার করতে থাকেন।"

আনিছা বেগমের চিৎকার শুনে আশপাশের লোকজন দ্রুত সেখানে ছুটে আসেন এবং আজিজুলকে খুঁজতে শুরু করেন। প্রায় আধা ঘণ্টা চেষ্টার পর ঘটনাস্থলের পাশ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহীনুর আলম বলেন, "এ বিষয়ে খোঁজ নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"