বিএনপির সাবেক চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী আজ শনিবার (১৫ আগস্ট)। এই বিশেষ দিনটি উপলক্ষে ঢাকাসহ সারা দেশে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছে বিএনপি।

শুক্রবার দলটির কেন্দ্রীয় দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বেলা ১১টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে একটি মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। উক্ত অনুষ্ঠানে দলের জ্যেষ্ঠ নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। একই সাথে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী ও সমর্থকদের দেশব্যাপী আয়োজিত বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণের অনুরোধ জানানো হয়েছে।

১৯৪৫ সালের ১৫ আগস্ট ব্রিটিশ ভারতের বঙ্গ প্রদেশের জলপাইগুড়িতে জন্মগ্রহণ করেন খালেদা জিয়া। তার জন্মনাম ছিল খালেদা খানম পুতুল। তার বাবা ইস্কান্দার মজুমদার এবং মা তৈয়বা মজুমদার। পরবর্তীতে তাদের পরিবার দিনাজপুরে চলে যায়। তাদের পৈতৃক নিবাস ফেনীর ফুলগাজী উপজেলার শ্রীপুর গ্রামে।

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুর পর খালেদা জিয়া সক্রিয় রাজনীতিতে প্রবেশ করেন। ১৯৮২ সালে বিএনপিতে যোগ দিয়ে তিনি পর্যায়ক্রমে দলের শীর্ষ নেতৃত্বে আসীন হন এবং ১৯৮৪ সালে বিএনপির চেয়ারপারসন নির্বাচিত হন।

রাজনৈতিক ক্যারিয়ারে ১৯৯১ সালে প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন খালেদা জিয়া। পরবর্তীতে ১৯৯৬ ও ২০০১ সালে আরও দুই মেয়াদে তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে তিনি স্বৈরাচারবিরোধী আন্দোলনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ রাজনৈতিক আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন।

দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, আর্থ্রাইটিস ও ডায়াবেটিসের পাশাপাশি কিডনি, ফুসফুস, হৃদ্‌যন্ত্র ও চোখের জটিল সমস্যায় ভুগছিলেন সাবেক এই প্রধানমন্ত্রী। দীর্ঘ চিকিৎসার পর গত বছরের ৩০ ডিসেম্বর ভোরে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮০ বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন।