পিরোজপুরে এক সচেতনতামূলক সভায় মাদক ব্যবসার বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম। তিনি স্পষ্টভাবে জানান, মাদক ব্যবসায়ীরা তাকে বিপুল পরিমাণ অর্থ দিলেও তিনি তা গ্রহণ করবেন না।

শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে পিরোজপুর পৌরসভায় মাদক, সন্ত্রাস, কিশোর গ্যাং, চাঁদাবাজি ও চুরির বিরুদ্ধে আয়োজিত সামাজিক প্রতিরোধমূলক সচেতনতামূলক সভায় তিনি এসব কথা বলেন। ওই সভায় ওসি মো. শরিফুল ইসলাম বলেন, "একজন মাদক ব্যবসায়ী ইয়াবা বিক্রি করে আমাকে ১০০ কোটি টাকা দিলেও আমি নেব না।"

সমাজের উন্নয়ন ও সন্তানদের ভবিষ্যৎ গড়ার বিষয়ে গুরুত্বারোপ করে তিনি বলেন, "আমাদের সমাজ আমাদেরই ভালো করতে হবে। বাইরে থেকে কোনো জিন-পরী এসে সমাজ ভালো করে দেবে না। চীন, রাশিয়া কিংবা আমেরিকা এসে আমাদের সমাজ ভালো করে দেবে না। আপনার ছেলে-মেয়ের ভবিষ্যৎ আপনাকেই গড়তে হবে। বাড়ির আশপাশের কোনো মেম্বার কিংবা ওসি এসে সব ঠিক করে দেবে–এমনটা ভাবলে হবে না।"

সন্ত্রাসীদের ভয় কাটিয়ে সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, "মাদক ব্যবসায়ী পাঁচজন, সন্ত্রাসী পাঁচজন—মোট ১০ জন। আর সমাজে মানুষ ৫০০ জন। এই ৫০০ জনকে কীভাবে ওই ১০ জন ভয় দেখায়, আমি চিন্তা করে পাই না। আপনারা মনে জোর রাখবেন। এই সমাজ আমাদের। আমরা সবাই মিলে ভালো থাকব।"

পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আহসান কবিরের সভাপতিত্বে আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্যসচিব এস এম সাইদুল ইসলাম কিসমত।

প্রধান অতিথির বক্তব্যে সাইদুল ইসলাম কিসমত বলেন, "যারা মাদকের সঙ্গে জড়িত আছে তাদের সংখ্যা বেশি নয়, আমরা তাদের সংশোধন করতে পারি। আমাদের দায়িত্ব নিতে হবে, আসলে আমরা দায়িত্ব নিতে চাই না। দায়িত্ব নেওয়ার ক্ষেত্রে নিরাপত্তার অভাব বোধ করলে, যতটুকু করলে নিরাপত্তায় থাকতে পারেন, ততটুকু নেন।"