বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ধানমন্ডি ৩২ নম্বর এবং এর আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শনিবার (১৫ আগস্ট) সকাল থেকেই ওই এলাকায় অতিরিক্ত পুলিশ ও র‍্যাব সদস্য মোতায়েন করা হয়েছে।

নিরাপত্তার অংশ হিসেবে ধানমন্ডি ৩২ নম্বরের মূল প্রবেশপথে ব্যারিকেড দেওয়া হয়েছে এবং ভেতরে পুলিশ সদস্যদের অবস্থান করতে দেখা গেছে। পাশাপাশি যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রস্তুত রাখা হয়েছে জলকামান। সংশ্লিষ্টরা জানিয়েছেন, পরিস্থিতি সামাল দিতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

সকাল পর্যন্ত সেখানে কাউকে ফুল দিতে আসতে দেখা যায়নি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দেওয়া তথ্য অনুযায়ী, সকাল থেকে এলাকায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। নিরাপত্তার স্বার্থে ৩২ নম্বরের পশ্চিম পাশেও পুলিশ ও অন্যান্য বাহিনীর সদস্যরা অবস্থান করছেন। এছাড়া ওই এলাকায় সাধারণ মানুষের চলাচল ও প্রবেশের ওপর নজরদারি বাড়ানো হয়েছে।

উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের পর ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাসভবনে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে, যার ফলে ভবনটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। সেই ঘটনার পর থেকেই সেখানে সাধারণ মানুষের প্রবেশ নিয়ন্ত্রিত রাখা হয়েছে। ১৫ আগস্টকে কেন্দ্র করে শনিবার ওই এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা আরও বাড়ানো হয়েছে।