ভূগর্ভস্থ ক্যাবলের জরুরি মেরামত, সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণকাজের জন্য আগামী শনিবার (১৫ আগস্ট) দেশের দুটি জেলার বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বিউবোর সুনামগঞ্জ বিক্রয় ও বিতরণ বিভাগ থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সুনামগঞ্জের ৩৩/১১ কেভি জিআইএস সাব-স্টেশনের আন্ডারগ্রাউন্ড ক্যাবলের জরুরি মেরামত ও সংরক্ষণকাজের জন্য শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিউবোর আওতাধীন শহর ও শহরতলি এলাকার সব গ্রাহকের বিদ্যুৎ সংযোগ স্থগিত থাকবে। এই বিষয়ে বিউবোর ফেসবুক পেজে বিজ্ঞপ্তি প্রকাশের পাশাপাশি শহরের বিভিন্ন এলাকায় মাইকিং করে সাধারণ গ্রাহকদের অবহিত করা হয়েছে।

অন্যদিকে, নাটোর পবিস-২ এর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জরুরি রক্ষণাবেক্ষণকাজের জন্য শনিবার সকাল ৭টা থেকে বেলা ১১টা পর্যন্ত আড়ানী রোড চত্বর (পোল নং BA-5E-58) থেকে বানিয়াপাড়া (পোল নং BA-5E-80) পর্যন্ত বাঘা বাজার, মুর্শিদপুর, উত্তর মিলিকবাঘা, বানিয়াপাড়া আংশিক এবং গাওপাড়া আংশিক এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বাঘা জোনাল অফিসের গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।