বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের প্রথম ছয় মাসে বা ১৮০ দিনে আশাজাগানিয়া তেমন কোনো কাজ করতে পারেনি বলে দাবি করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান।

শুক্রবার দুপুরে রাজধানীর ভাটারার আস-সাঈদ মিলনায়তনে অনুষ্ঠিত দলের ঢাকা মহানগর উত্তরের শুরার অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। পরবর্তীতে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়।

গাজী আতাউর রহমান বলেন, "ফ্যাসিবাদের পতনের পরে বহু প্রত্যাশা জাগিয়ে এবং দায় নিয়ে এই সরকার দায়িত্ব গ্রহণ করেছিল। কিন্তু ১৮০ দিন পার হলেও সরকার আশাজাগানিয়া তেমন কিছু করতে পারেনি।"

জুলাই সনদের বাস্তবায়ন এবং উচ্চকক্ষ গঠন নিয়ে অসন্তোষ প্রকাশ করে তিনি বলেন, "জুলাই সনদ বাস্তবায়নের জন্য ১৮০ দিনের বাধ্যবাধকতা ছিল, তা পুরোপুরি উপেক্ষিত হয়েছে। উচ্চকক্ষ গঠনের বাধ্যতামূলক সময়ও মান্য করা হয়নি। জনরায়ের প্রতি এটা স্পষ্ট উপেক্ষা ও অবজ্ঞা।"

শেখ ফজলে বারী মাসউদের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সেক্রেটারি মুরাদ হোসেনের সঞ্চালনায় আয়োজিত এই অধিবেশনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মাওলানা লোকমান হোসাইন জাফরী এবং কেন্দ্রীয় আইনবিষয়ক সম্পাদক শওকত আলী হাওলাদার।