বর্তমানে রাজনীতির মূল লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে গাড়ি, বাড়ি এবং অর্থ উপার্জন। বিএনপির সাবেক কেন্দ্রীয় সহদপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু এই মন্তব্য করেছেন। তিনি মনে করেন, একসময় মানুষ আদর্শিক তাড়নায় রাজনীতিতে যুক্ত হলেও এখন সেই প্রক্রিয়াটি সম্পূর্ণ বদলে গেছে।

সম্প্রতি মুক্তকণ্ঠের ‘আলাপন’ অনুষ্ঠানে অংশগ্রহণ করে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে তাইফুল ইসলাম টিপু বলেন, "একসময় রাজনীতিতে যারা আসতেন, তাদের সম্পর্কে সাধারণ মানুষের ধারণা ছিল, তাদের পরিবারে নানা অনটন থাকে এবং ঠিকমতো চাল-চুলোও থাকে না। কিন্তু বর্তমান সময়ে রাজনীতি অর্থ ও সম্পদ অর্জনের প্রধান মাধ্যমে পরিণত হয়েছে।"

রাজনীতির অভিজ্ঞতা সম্পর্কে তিনি জানান, এই ক্ষেত্রে ভালো ও মন্দ উভয় দিক থেকেই শেখার সুযোগ থাকে। দীর্ঘ রাজনৈতিক জীবনজুড়ে বিভিন্ন ধরণের মানুষের সংস্পর্শে আসলেও নিজেকে সঠিক পথে রাখার লড়াই চালিয়ে যাচ্ছেন তিনি।

বিএনপির সাবেক এই নেতা আরও উল্লেখ করেন যে, রাজনীতিতে প্রতিনিয়ত কঠিন সংগ্রামের মধ্য দিয়ে যেতে হয়। আর এই সঠিক পথে এগিয়ে যাওয়ার প্রক্রিয়াই একজন প্রকৃত রাজনীতিবিদের আসল পরিচয়।

ঐতিহাসিক নেতাদের কথা স্মরণ করে তাইফুল ইসলাম টিপু বলেন, "শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও মওলানা ভাসানীর মতো ঐতিহাসিক নেতারা মানুষের কল্যাণে কাজ করে নিজেদের প্রতিষ্ঠিত করতে পেরেছিলেন। যারা মানুষের কল্যাণে কাজ করতে ব্যর্থ হয়েছেন, তারা রাজনীতিতে টিকে থাকতে পারেননি।"