রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ১১-দলীয় ঐক্যের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

আজ রোববার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এই ঘোষণা দেন। সিইসির সভাকক্ষে এই প্রক্রিয়া সম্পন্ন হয়।

মির্জা ফখরুলের পক্ষে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায়, জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি এবং জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহম্মেদ অপু। মির্জা ফখরুলের নামে দুটি মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছিল, যার মধ্যে একটি বৈধ ঘোষণা করায় অন্যটি স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে গেছে।

অন্যদিকে, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্যের প্রার্থী লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদের মনোনয়নপত্রও বৈধ হয়েছে। তাঁর ক্ষেত্রেও দুটি মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছিল, যার একটি বৈধ হওয়ায় অপরটি বাতিল করা হয়।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ১৮ আগস্ট। আগামী ২০ আগস্ট জাতীয় সংসদ ভবনের সংসদকক্ষে ভোটগ্রহণের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচিত হবেন। ওই দিন এই উদ্দেশ্যে জাতীয় সংসদের বৈঠক ডাকা হয়েছে। সংসদ সদস্যরা প্রকাশ্য ভোটে এই নির্বাচনে অংশগ্রহণ করবেন।