কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য আমির হামজার গাড়িবহরে হামলার তীব্র নিন্দা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। এই ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তিনি।
গতকাল শনিবার সন্ধ্যায় কুষ্টিয়া শহরের ছয় রাস্তা মোড়ে এই হামলার ঘটনা ঘটে। কুষ্টিয়া জেলা জামায়াতের অভিযোগ, এই হামলার পেছনে গণ অধিকার পরিষদের নেতা-কর্মীদের হাত রয়েছে। ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে মিয়া গোলাম পরওয়ার একটি বিবৃতি দিয়েছেন, যা গতকাল দিবাগত রাতে জামায়াতের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশ করা হয়।
বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার বলেন, "আমির হামজাকে হত্যার উদ্দেশ্যে তাঁর গাড়িবহরে গণ অধিকার পরিষদের সন্ত্রাসীরা অতর্কিত ও বর্বরোচিত হামলা করেছে। হামলায় আমির হামজা, তাঁর পরিবারের সদস্য, সফরসঙ্গীসহ সাতজন মারাত্মকভাবে আহত হয়েছেন। পুলিশের উপস্থিতিতে একজন নির্বাচিত জনপ্রতিনিধির ওপর এ ধরনের নগ্ন–পরিকল্পিত হামলা অত্যন্ত উদ্বেগজনক। হামলার ঘটনাটি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির বহিঃপ্রকাশ।"
মিয়া গোলাম পরওয়ার তাঁর বিবৃতিতে উল্লেখ করেন, সম্ভাব্য বিশৃঙ্খলার বিষয়ে আমির হামজা আগেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করেছিলেন। এ প্রসঙ্গে তিনি বলেন, "তা সত্ত্বেও ঘটনাস্থলে পুলিশের নিষ্ক্রিয় ও নীরব ভূমিকা অত্যন্ত দুঃখজনক। পুলিশ যদি সময়মতো কঠোর ও সতর্ক ভূমিকা পালন করত, তাহলে সন্ত্রাসীরা এমন দুঃসাহস দেখাতে পারত না।"
আহত ব্যক্তিদের দ্রুত সুস্থতা কামনা করে জামায়াতের সেক্রেটারি জেনারেল এলাকায় শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের নিরপেক্ষ ও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।