শিক্ষাঙ্গনে শান্তিপূর্ণ ও সহনশীল রাজনৈতিক পরিবেশ বজায় রাখতে জবরদখল এবং বলপ্রয়োগের রাজনীতি চিরতরে বর্জন করার সিদ্ধান্ত নিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল। সংগঠনটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালুম এই কথা জানিয়েছেন।
সম্প্রতি মুক্তকণ্ঠের আলাপন অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এসব মন্তব্য করেন। শ্যামল মালুম বলেন, "সাধারণ শিক্ষার্থীরা ক্যাম্পাসে অস্ত্রের রাজনীতি বা কোনো ধরনের জোর-জবরদস্তির আধিপত্য পছন্দ করে না।"
রাজনীতির পরিবর্তিত প্রেক্ষাপট উল্লেখ করে তিনি আরও বলেন, "অতীতে যেভাবে রাজনীতি করা হয়েছে, এখন আর সেভাবে রাজনীতি চলবে না। দেশের মানুষ যেভাবে চায়, রাজনৈতিক দলগুলোকে এখন সেভাবেই নিজেদের গড়ে তুলতে হবে।"
সাধারণ শিক্ষার্থীদের প্রত্যাশার কথা উল্লেখ করে তিনি বলেন, "সাধারণ শিক্ষার্থীরা ক্যাম্পাসে অস্ত্রের রাজনীতি কিংবা জোর-জবরদস্তির আধিপত্য চায় না। তাদের প্রত্যাশার প্রতি সম্মান রেখেই ছাত্রদল প্রতিটি শিক্ষাঙ্গনে শান্তিপূর্ণ ও সহনশীল রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করতে চায়।"
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা করে ছাত্রদলের এই নেতা বলেন, "বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও দেশের মানুষের আকাঙ্ক্ষা ও চাহিদার প্রতি সম্মান রেখে নিজেকে সুনির্দিষ্ট নীতিতে পরিচালনা করছেন। তিনি প্রোটোকল পরিহার করে সাধারণ মানুষের সঙ্গে মিশছেন, ট্রাফিক সিগন্যাল মেনে চলছেন এবং রাষ্ট্রীয় ব্যয় সংকোচনের ক্ষেত্রে চীনের মতো বড় একটি সফরে মাত্র ২৮ জন সফরসঙ্গী নিয়ে গিয়ে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।"