দীর্ঘ ১৮ বছরের আন্দোলন ও সংগ্রামের পর দেশে গণতন্ত্র ফিরে এসেছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি সতর্ক করে বলেন, অর্জিত এই গণতন্ত্রকে সুসংহত রাখতে দেশের সব শ্রেণি, পেশা ও রাজনৈতিক মতাদর্শের মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে। বাংলাদেশের মাটিতে স্বৈরাচার ও ফ্যাসিবাদকে আর কখনো ফিরে আসতে দেওয়া হবে না বলে তিনি হুঁশিয়ারি দেন।

শুক্রবার (১৪ আগস্ট) সন্ধ্যায় ফরিদপুরের সালথা উপজেলা সদরে স্থানীয় বিএনপি আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ফরিদপুর (বদরপুর)-সালথা-সোনাপুর-মুকসুদপুর সড়কের সালথা ব্রিজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি উপস্থিত ছিলেন।

বক্তব্যের এক পর্যায়ে শামা ওবায়েদ ইসলাম বলেন, "আমরা ১৮ বছর অনেক আন্দোলন-সংগ্রামের পর গণতন্ত্র ফিরে পেয়েছি। এই গণতন্ত্রের ধারা অব্যাহত রাখতে হবে। বাংলাদেশের মাটিতে স্বৈরাচার আর কখনো ফেরত আসতে দেওয়া যাবে না। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, তাহলে বাংলাদেশে আর কখনো ফ্যাসিবাদের জায়গা হবে না।"

দেশের উন্নয়ন প্রসঙ্গে তিনি দাবি করেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও সরকারের মাধ্যমেই কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের উন্নয়ন আরও গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

গত ১৭ বছর বিনা ভোটে নির্বাচিত একটি সরকার ক্ষমতায় ছিল বলে দাবি করে প্রতিমন্ত্রী বলেন, "ওই সময়ে কোনো ধর্ম, মত বা রাজনৈতিক দলের মানুষই স্বস্তিতে থাকতে পারেনি। এখন দেশের মানুষের উন্নয়ন ও ভবিষ্যৎ গড়ার সুযোগ এসেছে।"

শিক্ষা খাতের গুরুত্বারোপ করে তিনি বলেন, "আপনাদের সন্তানদের ভবিষ্যতের কথা ভেবে প্রতিটি ইউনিয়নে স্কুল ও কলেজ প্রতিষ্ঠা করা হবে। উন্নত মানের মাদ্রাসাও নির্মাণ করা হবে, যাতে ছোট ছোট ছেলেমেয়েরা মানসম্মত শিক্ষা পেতে পারে।"

দল-মত ও ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে দেশের স্বার্থে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। স্থানীয় নেতাকর্মীদের উদ্দেশে শামা ওবায়েদ বলেন, আগামী পাঁচ বছর আল্লাহ সহায় হলে এলাকার মানুষের ভাগ্যোন্নয়নই হবে তাদের একমাত্র লক্ষ্য।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফরিদপুর সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী খালিদ সাইফুল্লাহ সরদার এবং সঞ্চালনা করেন সালথা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খাইরুল বাশার আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক আফজাল হোসেন খান পলাশ।

এ সময় আরও উপস্থিত ছিলেন সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা দবির উদ্দিন, ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, ফরিদপুর জেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন, সালথা উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার, নগরকান্দা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সালথা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আসাদ মাতুব্বর, সালথা উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি শাহিন মাতুব্বর, যুগ্ম সাধারণ সম্পাদক শাহিনুর রহমান, নগরকান্দা যুবদল নেতা তৈয়বুর রহমান মাসুদ, সালথা উপজেলা যুবদল নেতা হাসান আশরাফ, এনায়েত হোসেন ও কামরুল ইসলামসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।

অনুষ্ঠানে শিক্ষা ও অবকাঠামো উন্নয়নের লক্ষ্যে একাধিক প্রকল্পের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়। এর আগে শামা ওবায়েদ ইসলাম সালথা উপজেলার মাঝারদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিশ্বব্যাংকের অর্থায়নে বাস্তবায়িত ‘প্রাইমারি স্কুল কাম ফ্লাড শেল্টার’ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এছাড়া মাঝারদিয়া ইউনিয়নে ‘সালথা উপজেলা প্রশাসন স্কুল অ্যান্ড কলেজ’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি। সংশ্লিষ্টরা আশা করছেন, এসব প্রকল্প বাস্তবায়িত হলে স্থানীয় শিক্ষার্থী ও সাধারণ মানুষের শিক্ষা ও অবকাঠামোগত সুযোগ-সুবিধা বৃদ্ধি পাবে।