জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত গণহত্যার আসামিদের বাংলাদেশে ফিরিয়ে আনা এবং তাদের বিচার নিশ্চিত করার আগে ভারতের সঙ্গে সুসম্পর্ক স্থাপন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

শুক্রবার (১৪ আগস্ট) রাজধানীর যাত্রাবাড়ীতে এনসিপির ঢাকা মহানগর দক্ষিণ শাখা আয়োজিত এক গণসমাবেশে তিনি এই কথা বলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, "গণহত্যার আসামিদের আগে বাংলাদেশে ফিরিয়ে আনেন, তাদের ফাঁসির রায় কার্যকর করেন এবং বিচার নিশ্চিত করেন। তারপর ভারতের সঙ্গে সুসম্পর্ক হতে পারে।"

তিনি আরও উল্লেখ করেন যে, জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত গণহত্যার আসামিদের বাংলাদেশে ফিরিয়ে না দেওয়া পর্যন্ত প্রধানমন্ত্রীর ভারত সফর দেশের জনগণের সঙ্গে গাদ্দারি হবে।

এ বিষয়ে তিনি বলেন, "এনসিপি মনে করে জুলাই গণ-অভ্যুত্থানে গণহত্যার জন্য দায়ী যারা এখনও ভারতের আশ্রয়ে আছে, যারা ভারতের আশ্রয়ে-প্রশ্রয়ে থেকে সাক্ষাৎকার ও প্রেস ব্রিফিং করে যাচ্ছে এবং সবশেষ ওসমান হাদির হত্যাকারীসহ যারা ভারতে বন্দি অবস্থায় আছে, তাদেরকে বাংলাদেশের মাটিতে ফেরত না দেওয়া পর্যন্ত প্রধানমন্ত্রী যদি ভারতের মাটিতে পা রাখেন, তবে এটি এই দেশের জনগণের সঙ্গে গাদ্দারি হবে।"

আসিফ মাহমুদের মতে, যারা দীর্ঘ সময় দেশে ফ্যাসিবাদ টিকিয়ে রেখেছিল এবং যারা বর্তমানে সেই গণ-হত্যাকারীদের সহযোগিতা করছে, তাদের ফেরত না দেওয়া পর্যন্ত ভারতের সঙ্গে কোনো ধরনের সুসম্পর্ক প্রতিষ্ঠা করা সম্ভব নয়।