বগুড়ার ঐতিহাসিক শাহ ফতেহ আলী সেতুর নিচে দীর্ঘদিনের জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করার জন্য এক বিশেষ অভিযান চালানো হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) সকাল ১০টার দিকে ‘বিডি ক্লিন’ এবং বগুড়া পৌরসভার যৌথ উদ্যোগে এই কার্যক্রম শুরু হয়। অভিযানে অংশ নেন শতাধিক স্বেচ্ছাসেবী ও পৌরসভার পরিচ্ছন্নতাকর্মী।

কয়েক ঘণ্টার এই টানা অভিযানে সেতুর নিচের বিভিন্ন স্থানে জমে থাকা বিপুল পরিমাণ আবর্জনা অপসারণ করা হয়। কার্যক্রমের শুরুতে অংশগ্রহণকারীদের পরিচ্ছন্নতার শপথ পাঠ করান বগুড়া পৌরসভার প্রশাসক এম আর ইসলাম স্বাধীন।

এ বিষয়ে তিনি বলেন, "শহরের সৌন্দর্য রক্ষা এবং যত্রতত্র ফেলা আবর্জনা অপসারণে বিডি ক্লিনের সহযোগিতায় নিয়মিত ও সাপ্তাহিক ভিত্তিতে এ ধরনের কার্যক্রম চালানো হবে।"\ শাহ ফতেহ আলী সেতুর নিচের অংশে যাতে পুনরায় ময়লা-আবর্জনা জমতে না পারে, সে বিষয়ে প্রশাসনিক নজরদারি থাকবে বলেও জানান তিনি।

উক্ত অভিযানে উপস্থিত ছিলেন বগুড়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর পরিমল চন্দ্র দাস, বিডি ক্লিন রাজশাহী বিভাগের আঞ্চলিক সমন্বয়ক কে এম মাহবুব আলম জিয়ন এবং বিডি ক্লিন বগুড়ার উপদেষ্টা সাজেদুর রহমান সাজু। এছাড়া পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেওয়া স্বেচ্ছাসেবী ও পরিচ্ছন্নতাকর্মীদের জরুরি স্বাস্থ্যসেবা প্রদানে দায়িত্ব পালন করে বগুড়া যুব রেড ক্রিসেন্টের একটি দল।

স্থানীয় সচেতন নাগরিক ও যুবসমাজ এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তারা মনে করেন, ঐতিহাসিক শাহ ফতেহ আলী সেতু ও এর চারপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখতে এ ধরনের কার্যক্রম নিয়মিত করা প্রয়োজন। একই সঙ্গে শহরের সার্বিক সৌন্দর্য ও পরিবেশ রক্ষায় ভবিষ্যতেও এই ধারা অব্যাহত রাখার দাবি জানিয়েছেন তারা।