এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন আরও ২০০ জন রোগী ভর্তি হয়েছেন। এর ফলে বর্তমানে চিকিৎসাধীন রোগীর মোট সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৬১৫ জনে।
শুক্রবার (১৪ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক বার্তায় এই তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, নতুন করে ডেঙ্গুতে কারও মৃত্যু হয়নি। তবে চলতি বছরে এখন পর্যন্ত এই রোগে মোট ৬৫ জনের মৃত্যু হয়েছে।
বর্তমানে সবচেয়ে বেশি রোগী চিকিৎসাধীন ঢাকা বিভাগের বিভিন্ন হাসপাতালে, যাদের সংখ্যা ৫৭৯ জন। এছাড়া খুলনায় ৩৭১, বরিশালে ২৬৩, ময়মনসিংহে ১৩১, চট্টগ্রামে ১২৬, রাজশাহীতে ১১৭, রংপুরে ১৯ এবং সিলেট বিভাগে নয়জন চিকিৎসাধীন রয়েছেন।
পরিসংখ্যান অনুযায়ী, এ পর্যন্ত ডেঙ্গু নিয়ে মোট ২২ হাজার ৪৪৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ২০ হাজার ৭৬৩ জন সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন।
মৃতদের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, মোট ৬৫ জনের মধ্যে নারী ৪১ জন (৬৩ দশমিক ১ শতাংশ) এবং পুরুষ ২৪ জন (৩৬ দশমিক ৯ শতাংশ)।
ঢাকা বিভাগের ক্ষেত্রে দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) আওতাধীন হাসপাতালে ২১ জন, উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আওতাধীন হাসপাতালে আট জন এবং সিটি করপোরেশনের বাইরে একজন প্রাণ হারিয়েছেন। এছাড়া খুলনায় ১১, বরিশালে আট, ময়মনসিংহে ছয়, চট্টগ্রামে পাঁচ, রাজশাহীতে তিন এবং রংপুর ও সিলেটে একজন করে মৃত্যু হয়েছে।