সিলেটে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে এই রোগের উপসর্গ নিয়ে বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১১৯ জন।

শুক্রবার (১৪ আগস্ট) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট আঞ্চলিক কার্যালয়ের দৈনিক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। নতুন এই মৃত্যুর সাথে বিভাগে হামে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩৩ জনে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, এ পর্যন্ত মৃত ১৩৩ জনের মধ্যে সিলেটের নাগরিক ৪৮ জন, সুনামগঞ্জের ৫৫ জন, মৌলভীবাজারের ১৩ জন এবং হবিগঞ্জের ১৭ জন।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২৮ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এর ফলে চলতি বছরে সিলেট বিভাগে নিশ্চিত হাম রোগীর মোট সংখ্যা দাঁড়িয়েছে ৯৪২ জনে।

উপসর্গ নিয়ে নতুন করে ভর্তি হওয়া ১১৯ জনের মধ্যে সিলেট নগরীর শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৪৮ জন, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৫৭ জন, নর্থ ইস্ট হাসপাতালে ৩ জন এবং রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ২ জন ভর্তি হয়েছেন। বাকি রোগীরা সিলেট বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ২৮০ জন রোগী চিকিৎসাধীন আছেন।

স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, আক্রান্তদের প্রায় ৯৫ শতাংশই অসচেতনতা ও কুসংস্কারের কারণে টিকার বাইরে ছিল। এছাড়া সিলেটের সীমান্তবর্তী এলাকা এবং সুনামগঞ্জের হাওরাঞ্চলে পর্যাপ্ত স্বাস্থ্যসেবা না পৌঁছানোর ফলে এসব অঞ্চলে আক্রান্ত ও মৃত্যুর হার তুলনামূলক বেশি।