রাজশাহীর চারঘাটে এক মর্মান্তিক দুর্ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্বশুর ও পুত্রবধূর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) উপজেলার অনুপামপুর কলোনিপাড়া গ্রামে এই দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন অনুপামপুর কলোনিপাড়া গ্রামের মৃত রেকাত আলীর ছেলে শমসের আলী (৬০) এবং তার পুত্রবধূ তানিয়া বেগম (২৫)। তানিয়া ওই গ্রামেরই বাসিন্দা শরীফুল ইসলামের স্ত্রী বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বাড়িতে ভ্যান চার্জ দেওয়ার জন্য ব্যবহৃত বৈদ্যুতিক সংযোগের একটি তার পাশের গোয়ালঘরের দিকে নেওয়া হয়েছিল। ওই তারে ভেজা কাপড় মেলে দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন তানিয়া বেগম। তাকে উদ্ধার করতে এগিয়ে গেলে তার শ্বশুর শমসের আলীও বিদ্যুৎস্পৃষ্ট হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

ঘটনা প্রসঙ্গে স্থানীয় ইউপি সদস্য তাকদিরুল ইসলাম বলেন, "বৈদ্যুতিক তারের ওপর ভেজা কাপড় দিতে গিয়ে প্রথমে তানিয়া বেগম বিদ্যুৎস্পৃষ্ট হন এবং তাকে উদ্ধার করতে গিয়ে শমসের আলীও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারান।"

চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান জানান, "বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের দুজনের মৃত্যু হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।"