দেশে হামের ভয়াবহ বিস্তার অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত নিয়মিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশের ৯৭২ জন শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে।
পরিসংখ্যান বলছে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে দেশে মোট ৭৯৫ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া একই সময়ে হাম শনাক্ত হওয়ার পর আরও ৯৯ শিশু প্রাণ হারিয়েছে। সব মিলিয়ে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৮৯৪ জনে।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট ১ লাখ ৪১ হাজার ৪৮ জন শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। এর মধ্যে ১ লাখ ২২ হাজার ৭৯৪ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছে ১ লাখ ১৮ হাজার ৫৪০ শিশু।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট ১৭ হাজার ৭৩০ শিশুর শরীরে হাম শনাক্ত করা হয়েছে।