যশোর শহরের পুরাতন কসবার ঢাকা রোড এলাকায় শহর বিএনপির ৪ নম্বর ওয়ার্ড কার্যালয় থেকে একটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৪ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে পুলিশ অভিযান চালিয়ে বস্তুটি উদ্ধার করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কার্যালয়ের দেখাশোনার দায়িত্বে থাকা মোহাম্মদ শাহিন সকালে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করার সময় একটি বেঞ্চ সরাতে গিয়ে ইটের ফাঁকে কালো স্কচটেপে মোড়ানো একটি বস্তু দেখতে পান। এরপর তিনি বিষয়টি স্থানীয় এক ব্যবসায়ী এবং ৪ নম্বর ওয়ার্ড বিএনপির নেতাকর্মীদের অবহিত করেন। খবর পেয়েই কোতোয়ালি মডেল থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বস্তুটি উদ্ধার করে।
এই ঘটনায় ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আলী হোসেন মদন দাবি করেন, "নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের লোকজন এ ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে।" তিনি ঘটনার দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান।
কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) ফজলু জানান, "প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রাতের আঁধারে দুর্বৃত্তরা বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশ্যে বস্তুটি কার্যালয়ের ভেতরে রেখে যায়।" তিনি আরও জানান, এ ঘটনায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি এবং বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।