নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় একটি কবরস্থানের নামকরণ, ব্যবস্থাপনা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে দফায় দফায় রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় নারীসহ অন্তত ৬২ জন আহত হয়েছেন। সংঘর্ষ চলাকালে স্থানীয় বেশ কিছু দোকানপাট ও ঘরবাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়।

শুক্রবার (১৪ আগস্ট) সকালে উপজেলার রংছাতি ইউনিয়নের আমগড়া এলাকায় এই সংঘাতের সূত্রপাত হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আমগড়া বাজারসংলগ্ন একটি কবরস্থান দীর্ঘ ৬০-৭০ বছর ধরে পুলিয়া পানিশ্বরপাড়া, আমগড়াসহ আশপাশের কয়েকটি গ্রামের মানুষ ব্যবহার করে আসছেন।

সম্প্রতি কবরস্থানটির নাম ও পরিচালনা কমিটি গঠন নিয়ে পুলিয়া পানিশ্বরপাড়ার বাসিন্দাদের সঙ্গে আমগড়া গ্রামের অধিবাসীদের তীব্র বিরোধ তৈরি হয়। দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। এরই ধারাবাহিকতায় পানিশ্বরপাড়ার লোকজন কবরস্থানের প্রবেশপথ সংলগ্ন জায়গায় দোকানপাট নির্মাণের উদ্যোগ নিলে আমগড়া ও পার্শ্ববর্তী এলাকার লোকজন তাতে বাধা প্রদান করেন।

এরই জেরে শুক্রবার সকালে দুই গ্রামের মানুষ দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। একপর্যায়ে এই সংঘাত আমগড়া বাজার এলাকায় ছড়িয়ে পড়ে, যার ফলে বাজারে বেশ কয়েকটি দোকানপাট ও সংলগ্ন বাসাবাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।

সংঘর্ষের পর স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক ডা. এম এম এস মাটি জানান, "সংঘর্ষের ঘটনায় ৬২ জন হাসপাতালে আসেন। তাদের মধ্যে ৫৬ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে এবং গুরুতর আহত ছয়জনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।"

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, "খবর পাওয়ার পরপরই ঘটনাস্থল ও হাসপাতালে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।"