শিক্ষা আন্দোলন বা ছাত্র আন্দোলনকে অ্যাকাডেমিক শিক্ষার অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ হিসেবে অভিহিত করেছেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি। তাঁর মতে, ছাত্র আন্দোলনকে বাইরে থেকে নেতিবাচক দৃষ্টিতে দেখার কোনো কারণ নেই।
শুক্রবার (১৪ আগস্ট) বেলা সাড়ে ১১টায় ঢাকা কলেজ ডিবেটিং সোসাইটির উদ্যোগে আয়োজিত '৫ম জাতীয় বিতর্ক উৎসব'-এ তিনি এই মন্তব্য করেন। অনুষ্ঠানটি শহীদ আ ন ম নজীব উদ্দিন খান খুররম অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।
মানুষের মানবিক গুণাবলির কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, "অন্যের প্রতি বিবেচনাবোধ একজন মানুষকে আরেকজন মানুষ থেকে আলাদা করে। অন্যের প্রতি বিবেচনা বোধ আছে বলেই মানুষ ফুঁসে ওঠে, বিদ্রোহ করে, ঐক্যবদ্ধ হয় এবং জীবন দিতে প্রস্তুত থাকে।"
অন্যদিকে, ঢাকা কলেজের বর্তমান অবস্থা নিয়ে কথা বলে জোনায়েদ সাকি জানান, প্রতিষ্ঠানটির আমূল পরিবর্তন প্রয়োজন। তিনি বলেন, "ঢাকা কলেজের চেহারার দিকে তাকালে মনে হয় এটা ঐতিহ্যবাহী কলেজ। বিগত সময়ে কলেজের চেহারা আমরা যেভাবে দেখেছি প্রায় সেরকম এখনও আছে। এখন দেখে মনে হয়, কলেজের পরিবর্তন দরকার।"
প্রতিমন্ত্রী আরও জানান, ঢাকা কলেজ ক্যাম্পাসের বিদ্যমান জায়গার জন্য একটি মাস্টারপ্ল্যান তৈরি করে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে।
২০২৪ সালে তরুণ প্রজন্মের সাহসী ভূমিকার কথা স্মরণ করে জোনায়েদ সাকি বলেন, "তরুণ প্রজন্ম ২০২৪ সালে বড় ইতিহাস সৃষ্টি করেছে। হাজার হাজার তরুণ এখনও নিজের শরীরে ক্ষত বয়ে চলেছে। কেউ চোখ দিয়ে দেখতে পারে না, কেউ সারা জীবনের জন্য পঙ্গুত্ববরণ করেছেন।"