পাবনা-৩ আসনের সাবেক সংসদ সদস্য মকবুল হোসেনের ছেলে ও নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা গোলাম হাসনাইন রাসেল চার ঘণ্টার বিশেষ প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় অংশ নিয়েছেন। তিনি ভাঙ্গুড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হওয়ার পাশাপাশি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও পৌরসভার মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছেন।

আজ শুক্রবার (১৪ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে কড়া পুলিশি নিরাপত্তায় গাড়িতে করে ভাঙ্গুড়া পৌর সদরের সরদারপাড়া মহল্লায় নিজ বাড়িতে পৌঁছান রাসেল। তার আগমনের কথা আগে থেকেই জানা থাকায় বাড়িতে আত্মীয়-স্বজন, দলীয় নেতাকর্মী এবং স্থানীয়দের ভিড় জমে। এরপর পুলিশি পাহারায় ভাঙ্গুড়া ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত মায়ের জানাজায় শরিক হন তিনি।

জানাজার আগে উপস্থিত সবার কাছে মায়ের জন্য দোয়া চেয়ে রাসেল বলেন, "আমাদের পরিবারের পক্ষ থেকে অজান্তে কোনো ভুল করে থাকলে আপনাদের কাছে হাত জোড় করে ক্ষমা চাচ্ছি।"

জানাজা শেষে পার ভাঙ্গুড়া কবরস্থানে মায়ের দাফন সম্পন্ন করেন তিনি। দাফন প্রক্রিয়া শেষ হলে পুলিশি পাহারায় তাকে পুনরায় কারাগারে ফিরিয়ে নেওয়া হয়।

গতকাল বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাসেলের মা নুরজাহান রেখা মৃত্যুবরণ করেন। দীর্ঘ সময় ধরে তিনি কিডনিসহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত ছিলেন।

উল্লেখ্য, গত ২০ জুলাই রাতে ঢাকার মিরপুর এলাকা থেকে পুলিশ রাসেলকে গ্রেপ্তার করে। পরবর্তীতে ভাঙ্গুড়া থানার একটি বিস্ফোরক মামলায় তাকে কারাগারে পাঠানো হয়। সম্প্রতি একটি মামলায় আদালত তাকে জামিন দিলেও অন্য একটি মামলায় গ্রেপ্তার দেখানোয় তিনি কারামুক্ত হতে পারেননি। শেষ পর্যন্ত জেলা ম্যাজিস্ট্রেটের কাছে আবেদনের পর প্যারোলে মুক্তির অনুমতি পেয়ে মায়ের শেষকৃত্যান্নে অংশ নেওয়ার সুযোগ পান তিনি।

রাসেলের বাবা মো. মকবুল হোসেন ২০০৮, ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হয়ে পাবনা-৩ আসন থেকে নির্বাচিত হয়েছিলেন।