দক্ষিণ সুদান ও আবেইতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন এলাকা পরিদর্শন শেষে আজ শুক্রবার দেশে ফিরেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
পাঁচ দিনের এই সরকারি সফরে সেনাপ্রধান ইউনাইটেড নেশনস মিশন ইন সাউথ সুদান (আনমিস) ও ইউনাইটেড নেশনস ইন্টারিম সিকিউরিটি ফোর্স ফর আবেই (ইউনিসফা) পরিদর্শন করেন। দক্ষিণ সুদানে অবস্থানকালে তিনি বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার কোম্পানি, পদাতিক ব্যাটালিয়ন এবং বাংলাদেশ নৌবাহিনীর ফোর্স মেরিন ইউনিট পরিদর্শন করেন। এছাড়া আবেইতে বাংলাদেশ সেনাবাহিনীর পদাতিক ব্যাটালিয়ন পরিদর্শন করেন তিনি।
উভয় মিশন এলাকায় নিয়োজিত বাংলাদেশি শান্তিরক্ষীদের সর্বোচ্চ সতর্কতা বজায় রেখে পেশাদারত্ব, শৃঙ্খলা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের বিষয়ে দিকনির্দেশনা দেন সেনাপ্রধান। সফরকালে তিনি মিশনে নিয়োজিত বাংলাদেশি স্টাফ অফিসার, অবজারভার ও কন্টিনজেন্ট সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাঁদের কার্যক্রম ও মিশনের সার্বিক পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত অবহিত হন।
সফরের অংশ হিসেবে জেনারেল ওয়াকার-উজ-জামান উভয় মিশনের ফোর্স কমান্ডারদের সঙ্গে পৃথকভাবে সাক্ষাৎ ও আলোচনা করেন। এছাড়া আবেইতে মিশন লিডারশিপ টিম এবং সুদান ও দক্ষিণ সুদানের ন্যাশনাল মনিটরদের সঙ্গেও তাঁর সাক্ষাৎ হয়। এসব বৈঠকে মিশনের সার্বিক কার্যক্রম, নিরাপত্তা পরিস্থিতি এবং আভিযানিক চ্যালেঞ্জসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।
পরবর্তীতে সেনাপ্রধান দক্ষিণ সুদানের প্রতিরক্ষামন্ত্রী এবং প্রতিরক্ষা বাহিনীর প্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন। এই সময় দক্ষিণ সুদানের প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে সেনাপ্রধানকে ‘গার্ড অব অনার’ প্রদান করা হয়।
আইএসপিআরের সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সেনাপ্রধানের এই সফর বাংলাদেশি শান্তিরক্ষীদের মনোবল বৃদ্ধির পাশাপাশি সংশ্লিষ্ট দেশ ও জাতিসংঘের সঙ্গে বাংলাদেশের পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতা আরও সুদৃঢ় করবে। একইসঙ্গে বাংলাদেশের জন্য শান্তিরক্ষা কার্যক্রমের পরিধি সম্প্রসারণে এই সফর সহায়ক ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে।