ময়মনসিংহ নগরের মাসকান্দা এলাকায় আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে মোহাম্মদ রাব্বী নামের এক যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি আব্দুল খালেককে গ্রেপ্তার করেছে র‍্যাব। গতকাল বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাতে কোতোয়ালি থানার রঘুরামপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। হত্যাকাণ্ডের মাত্র আট ঘণ্টার মাথায় এই সাফল্য এসেছে।

আজ শুক্রবার (১৪ আগস্ট) সকালে ময়মনসিংহ র‍্যাব-১৪ সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

নিহত মোহাম্মদ রাব্বি (২৭) নগরের ১৫ নম্বর ওয়ার্ডের জেলা পরিষদ হাইস্কুল রোডের মোবারক ওরফে ভুট্টো মিয়ার ছেলে। তিনি মাসকান্দা এলাকার একটি কম্পিউটারের দোকানে কর্মচারী হিসেবে কর্মরত ছিলেন।

র‍্যাবের দেওয়া তথ্য অনুযায়ী, পূর্বশত্রুতার জেরে বৃহস্পতিবার সকালে মাসকান্দায় আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে একদল সশস্ত্র ব্যক্তি রাব্বীর ওপর হামলা চালায়। হামলাকারীদের হাত থেকে বাঁচতে রাব্বী পাশের একটি দোকানে আশ্রয় নিলে সেখানে ঢুকে তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করা হয়। এ সময় রাব্বীর ভাই রিয়াদ তাকে বাঁচাতে এগিয়ে এলে তাকেও কুপিয়ে আহত করা হয়। পরে স্থানীয় লোকজন রাব্বীকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

র‍্যাব-১৪ আরও জানিয়েছে, ঘটনার পরপরই সিবিএসসি ও গোয়েন্দা দল ছায়া তদন্ত শুরু করে এবং সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে হামলাকারীদের শনাক্ত করে। এর ভিত্তিতে রঘুরামপুর এলাকায় অভিযান চালিয়ে প্রধান আসামি খালেককে গ্রেপ্তার করা হয়।

ময়মনসিংহ র‍্যাব-১৪-এর অতিরিক্ত পুলিশ সুপার মো. সামসুজ্জামান বলেন, "প্রাথমিক জিজ্ঞাসাবাদে আব্দুল খালেক হত্যাকাণ্ডে সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাকে কোতোয়ালি থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। ঘটনার সঙ্গে জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।"