নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় সাপের কামড়ে শিশুসহ দুইজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) সকালে কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর গফুর এই ঘটনার বিষয়টি নিশ্চিত করেন।
মৃতদের পরিচয় পাওয়া গেছে—বাহাগিলী ইউনিয়নের নয়ানখাল বৈদ্যপাড়া এলাকার আব্দুর রহিমের ১০ বছর বয়সী মেয়ে লুনা এবং বড়ভিটা ইউনিয়নের জুরাবান্ধা মালিপাড়া এলাকার বিপুল রায়ের ছেলে বিজয় রায়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গত শুক্রবার (৭ আগস্ট) রাতে বিজয় রায় একটি হিন্দু ধর্মীয় মনসা গানের অনুষ্ঠানে গিয়েছিলেন। সেখানে সাপ নিয়ে খেলা প্রদর্শনের সময় একটি সাপ তার হাতে কামড় দেয়। বাড়িতে ফিরে ব্যথার তীব্রতা অনুভব করায় স্বজনরা তাকে কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে তার মৃত্যু হয়।
অন্যদিকে, লুনা বৃহস্পতিবার রাতে খাবার খেয়ে মা-বাবার সঙ্গে ঘুমিয়ে পড়েছিলেন। রাতের এক সময় একটি সাপ তার ডান হাতে কামড় দেয়। তীব্র ব্যথার কথা জানালে স্বজনরা তাকে দ্রুত কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান, তবে সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনা প্রসঙ্গে কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর গফুর বলেন, “সাপের কামড়ে দুজনের মৃত্যুর বিষয়টি জেনেছি। এ ঘটনায় অপমৃত্যুর মামলা দায়ের করা হবে।”