ঝিনাইদহের মহেশপুরে নেশার টাকা না পেয়ে ইখলাস নামের এক যুবক তার মাকে কুপিয়ে হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। ঘটনার পর পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা তাকে ধাওয়া করে ধরে পুলিশে সোপর্দ করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ শুক্রবার (১৪ আগস্ট) ভোর ৫টার দিকে উপজেলার শ্যামকুড় গ্রামে এই নৃশংস ঘটনা ঘটে। নিহত শখের বানু (৫৭) ওই গ্রামের জেকোর আলীর স্ত্রী।

সকালে শখের বানুকে খাবার দেওয়ার জন্য ঘরে প্রবেশ করেন তার ছোট ছেলের স্ত্রী। সেখানে তিনি শখের বানুকে বিছানায় রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে চিৎকার করে ওঠেন। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে শখের বানুর মরদেহ দেখতে পান।

স্থানীয়দের দাবি, ইখলাস বেশ কিছু দিন ধরে নেশার টাকার জন্য পরিবারের সদস্যদের ওপর চাপ সৃষ্টি করে আসছিলেন। আজ সকালে টাকা না পেয়ে তর্কাতর্কির একপর্যায়ে তিনি মাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেন বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে।

হত্যাকাণ্ডের পর ইখলাস দ্রুত এলাকা ছেড়ে পালানোর চেষ্টা করলে স্থানীয়রা তাকে ধাওয়া করে পার্শ্ববর্তী একটি মাঠ থেকে ধরে ফেলেন। পরবর্তীতে মহেশপুর থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত ইখলাসকে নিজেদের হেফাজতে নেয়।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, "খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে এবং অভিযুক্ত ছেলেকে আটক করে হেফাজতে নেওয়া হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।"