ইতালির রাজধানী রোমে আততায়ীর ছুরিকাঘাতে নিহত একই পরিবারের তিন বাংলাদেশির মরদেহ আজ শুক্রবার (১৪ আগস্ট) দেশে ফিরেছে। সকাল ৮টার দিকে মরদেহ বহনকারী ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
নিহতরা হলেন নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের বাসিন্দা কামাল উদ্দিন বাবুল (৩৯), তার স্ত্রী (৩৮) এবং তাদের পাঁচ বছর বয়সী কন্যাসন্তান আরোয়া ইসলাম আরিশা। এই নৃশংস ঘটনায় গুরুতর আহত হয়ে ভাগ্যক্রমে বেঁচে যাওয়া তাদের একমাত্র ছেলে অয়নও পরিবারের সঙ্গে দেশে ফিরেছে।
বিমানবন্দরের আইনি আনুষ্ঠানিকতা শেষে মরদেহগুলো নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের পৈতৃক বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে। পরিবার সূত্রে জানা গেছে, ইতালিতে প্রথম জানাজা শেষে বৃহস্পতিবার (১৩ আগস্ট) মরদেহগুলো বাংলাদেশের উদ্দেশে পাঠানো হয়। আজ সন্ধ্যায় চরকাঁকড়া ইউনিয়নের শিশু নিকেতন স্কুল মাঠে জানাজা অনুষ্ঠিত হবে এবং এরপর তাদের পারিবারিক কবরস্থানে পাশাপাশি দাফন করা হবে।
গত ২৬ জুন রাতে রোমের ক্যাসালোত্তি এলাকার একটি অ্যাপার্টমেন্টে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করে এবং আহত অয়নকে স্থানীয় হাসপাতালে ভর্তি করে।
নিহতদের স্বজনদের দাবি, এই ঘটনার আগে ২০২৫ সালের জুলাই মাসে নোয়াখালীর বাড়িতে ‘লাল বাহিনী’ নামের একটি কথিত চক্রের চিঠির মাধ্যমে তাদের হুমকি দেওয়া হয়েছিল। তারা জানান, এ বিষয়ে তখন কোম্পানীগঞ্জ থানায় লিখিত অভিযোগও করা হয়েছিল।
একই পরিবারের তিন সদস্যের মরদেহ দেশে ফেরার খবরে চরকাঁকড়া ইউনিয়নে গভীর শোকের ছায়া নেমে এসেছে। শোকার্ত স্বজন ও এলাকাবাসীর আহাজারিতে ভারী হয়ে উঠেছে চারপাশ।