পারিবারিক অর্থনৈতিক সংকট এবং রাজনৈতিক অবমূল্যায়নের অভিযোগ তুলে পদত্যাগ করেছেন ফেনীর এক ছাত্রদল নেতা। মো. ইলিয়াছ নামের ওই নেতা গতকাল বৃহস্পতিবার (১৩ আগস্ট) দলীয় প্যাডে নিজের স্বাক্ষরিত পদত্যাগপত্র জমা দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে এই পদত্যাগপত্র ছড়িয়ে পড়লে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, মো. ইলিয়াছ ফেনীর পরশুরাম ইসলামিয়া ফাজিল মাদ্রাসা শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছিলেন। জেলা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের বরাবর পাঠানো পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেন, ২০১৯ সালে উপজেলা ছাত্রদলের মাধ্যমে রাজনীতিতে যুক্ত হয়ে চরম দুঃসময়েও প্রতিটি কর্মসূচিতে রাজপথে সক্রিয় ছিলেন তিনি। তবে বর্তমান সময়ে তিনি চরম অবহেলার শিকার হচ্ছেন বলে দাবি করেন।

পদত্যাগপত্রে ইলিয়াছ আরও লিখেছেন, একদিকে রাজনৈতিক অবমূল্যায়ন এবং অন্যদিকে পারিবারিক চরম অর্থনৈতিক সংকট—সব মিলিয়ে পরিবারের হাল ধরা ও জীবিকার তাগিদে ব্যস্ত হওয়া জরুরি হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে সাধারণ সম্পাদক হিসেবে প্রয়োজনীয় সময় ও মনোযোগ দেওয়া তার পক্ষে সম্ভব হচ্ছে না। তাই সংগঠনের কাজ যেন ব্যাহত না হয়, সে বিবেচনায় তিনি স্বেচ্ছায় পদত্যাগ করেছেন।

ইলিয়াসের এই পদত্যাগপত্র সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে ক্ষোভ প্রকাশ করেছেন পরশুরাম পৌর ছাত্রদলের আহ্বায়ক সাফায়েত এনাম মজুমদার। ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘অভাব-অনটনের কারণে দল থেকে পদত্যাগ। এটা দলের ব্যর্থতা—এখন দল ক্ষমতায়। যারা দলের দায়িত্ববান নেতা, এটা তাদের দায়িত্বহীনতার প্রমাণ।

এ বিষয়ে পরশুরাম উপজেলা ছাত্রদলের সদস্য সচিব কামরুল হাসান বাবু বলেন, “ইলিয়াস আমাদের দলের একজন ত্যাগী কর্মী। কোনো মান-অভিমান থেকে সে পদত্যাগ করে থাকতে পারে। বিষয়টি জানাজানি হওয়ার পর জেলা ছাত্রদলের নেতারা খোঁজখবর নিয়েছেন। আমি ইলিয়াসের সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলে তাকে পুনরায় সংগঠনে সক্রিয় করার চেষ্টা চালাচ্ছি।”