বরিশালের বাবুগঞ্জে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান শেষে রাতের আঁধারে সরকারি খাসজমি পুনরায় দখলের অভিযোগ উঠেছে ইউনিয়ন পরিষদের (ইউপি) এক নারী সদস্যের বিরুদ্ধে। উপজেলার রহমতপুর এলাকার রাহুতকাঠি বন্দরে এই ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (১১ আগস্ট) রাহুতকাঠি বন্দরের সরকারি খাসজমিতে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কামরুন্নাহার তামান্না। তবে প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল ত্যাগ করার মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই ওই জমিটি আবারও দখলের প্রক্রিয়া শুরু হয়।

অভিযোগ করা হয়েছে যে, দেহেরগতি ইউনিয়ন পরিষদের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত সদস্য নার্গিস বেগমের প্রত্যক্ষ মদদে এই পুনঃদখল কার্যক্রম চালানো হয়েছে। প্রশাসনের নজরদারির মধ্যেই সরকারি জমি এভাবে দখলের ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে।

এই বিষয়ে বাবুগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কামরুন্নাহার তামান্না বলেন, "এর আগে ইউএনওসহ সরেজমিনে গিয়ে সতর্ক করে আসা হয়েছিল। নির্দেশ অমান্য করে জমি দখলে রাখায় আমরা অভিযান চালিয়ে উচ্ছেদ করি। এখন শুনছি পুনরায় তা দখল করা হয়েছে। একজন ইউপি সদস্য যদি আইন না মানেন, তবে তা অত্যন্ত দুঃখজনক। এবার সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।"

পুনরায় দখলের অভিযোগের বিষয়ে জানতে ইউপি সদস্য নার্গিস বেগমকে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন ধরেননি।