জুলাই–আগস্টের গণ-অভ্যুত্থানে সংঘটিত গণহত্যার বিচার এবং ‘দেশবিরোধী অপশক্তির ষড়যন্ত্রের’ প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

আজ বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাছির উদ্দিন শাওনের নেতৃত্বে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বিকেল সাড়ে চারটার দিকে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। এরপর মিছিলটি পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে রাজু ভাস্কর্যের পাদদেশে এসে শেষ হয়।

বিক্ষোভ মিছিলে নেতা-কর্মীদের স্লোগানে ঢাবি ক্যাম্পাসে সাড়া পড়ে। এ সময় তাঁরা ‘দিল্লি না পিন্ডি না, সবার আগে বাংলাদেশ’সহ দেশপ্রেম ও স্বৈরাচারবিরোধী বিভিন্ন স্লোগান দেন।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে ছাত্রদল নেতা নাছির উদ্দিন বলেন, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমর্থকসহ একটি স্বার্থান্বেষী মহল নানাভাবে ষড়যন্ত্র করছে। তিনি জানান, তারা বর্তমান সরকারের সংস্কার ও দেশের অগ্রগতিমূলক কার্যক্রমকে বাধাগ্রস্ত করার অপচেষ্টায় লিপ্ত।

শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করে নাছির উদ্দিন বলেন, ‘আমাদের শহীদ ভাইদের রক্তের দাগ এখনো শুকায়নি। আমরা বেঁচে থাকতে জুলাই–আগস্টের গণ-অভ্যুত্থানের গণহত্যাকারীদের বাংলাদেশে আর কখনো ফিরে আসতে দেব না।’

এ সময় ছাত্রদল নেতা নাছির উদ্দিন আরও বলেন, বৈশ্বিক বিভিন্ন সংকট ও সংঘাতের সুযোগ নিয়ে একটি চক্রান্তকারী মহল দেশের স্বাভাবিক অগ্রযাত্রা থামিয়ে দিতে চায়। তিনি জানান, তবে যেকোনো মূল্যে দেশের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষা করতে ছাত্রদল সর্বদা রাজপথে প্রস্তুত থাকবে।