বিএনপি রাষ্ট্রপতি পদের জন্য মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে মনোনীত করেছে। এর মাধ্যমে তিনি বাংলাদেশের ২৩তম ‘মহামান্য রাষ্ট্রপতি’ হওয়ার প্রক্রিয়ায় রয়েছেন। এই পদের প্রার্থী হওয়ার কারণে তিনি দলের মহাসচিব এবং জাতীয় স্থায়ী কমিটির সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন।
তবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হলে তাকে কে শপথ পাঠ করাবেন, তা নিয়ে প্রশ্ন উঠেছে। বর্তমানে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন। সংবিধানের ৭৪(৩) অনুচ্ছেদ অনুযায়ী, স্পিকার যখন রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন, তখন তার সংসদীয় কার্যাবলি ডেপুটি স্পিকার সম্পন্ন করেন।
সংবিধানের ১৪৮ অনুচ্ছেদ এবং তৃতীয় তফসিলে উল্লেখ করা হয়েছে যে, নির্ধারিত পদে দায়িত্ব নেওয়ার আগে শপথ গ্রহণ করা আবশ্যক। তৃতীয় তফসিল অনুযায়ী, রাষ্ট্রপতির শপথ পাঠ করানোর দায়িত্ব স্পিকারের ওপর ন্যস্ত।
বর্তমান সাংবিধানিক কাঠামোর প্রেক্ষিতে, স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে থাকায় সংসদের স্পিকারের কার্যাবলি পালন করছেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। ফলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হলে তাকে শপথ পড়ানোর দায়িত্ব ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের ওপরই বর্তাবে।
এমতাবস্থায় ধারণা করা হচ্ছে, বিএনপির সাবেক আইন সম্পাদকের হাতেই রাষ্ট্রপতি হিসেবে শপথ নিতে যাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।