চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে হাঁস পালনের জন্য খোঁড়া একটি গর্তের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুর ২টার দিকে উপজেলার জামবাড়িয়া ইউনিয়নের আদামপুর গ্রামে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। নিহত শিশুদের পরিচয় পাওয়া গেছে—আদামপুর গ্রামের মো. রাজুর আড়াই বছর বয়সি ছেলে এবং মো. সানাউল্লাহর ৪ বছর বয়সি ছেলে মো. নূর হোসেন।
স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে শিশুরা একসঙ্গে খেলাধুলা করছিল। একপর্যায়ে সবার অগোচরে তারা রাজুর বাড়ির পাশে হাঁস পালনের জন্য খোঁড়া গর্তের জমে থাকা পানিতে পড়ে যায়। পরে দীর্ঘ খোঁজাখুঁজির পর স্বজনরা গর্তের পানি থেকে তাদের নিথর দেহ উদ্ধার করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক জানান, "এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।"