ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের ভবিষ্যৎ দিকনির্দেশনা স্পষ্ট হওয়ার আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফর করা সমীচীন হবে না বলে মত প্রকাশ করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) ইনকিলাব মঞ্চের আয়োজনে এক সভায় তিনি এই মন্তব্য করেন। অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, "বাংলাদেশে আমরা জুলাই বিপ্লবের দ্বিতীয় বার্ষিকী উদযাপনে ব্যস্ত ছিলাম, তখন একটা ঘটনা ঘটে গিয়েছে, দিল্লিতে একটা প্রেস কনফারেন্স হয়েছে, যেখানে ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও গণহত্যাকারী শেখ হাসিনা দিল্লিতে আশ্রিত থাকা অবস্থায় প্রেস কনফারেন্স করেছে।"
নাহিদ ইসলামের দাবি, আওয়ামী লীগ ও শেখ হাসিনা যা বলেছেন, তা কেবল তাদের ব্যক্তিগত মতামত নয়, বরং ভারত সরকারেরই ভাষ্য। ভারতীয় হাইকমিশনারের ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, "সাংবাদিকরা যখন হাসিনার প্রেস কনফারেন্স বিষয়ে ভারতীয় হাইকমিশনারের কাছে জানতে চাইছেন, তখন তিনি দায় নিতে চাচ্ছেন না। তিনি বলছেন, গণতন্ত্রে ইস্যু থাকবে আমাদের এগুলো অতিক্রম করে একসঙ্গে কাজ করতে হবে।"
ভারতের সেভেন সিস্টার্স রাজ্যের উদাহরণ টেনে তিনি প্রশ্ন তোলেন, যদি সেভেন সিস্টার্সের কোনো স্বাধীনতাকামী সংগঠন ঢাকায় প্রেস কনফারেন্স করে এবং বাংলাদেশ সরকার বলে যে তারা এর দায় নিচ্ছে না বা তারা এটি জানে না, তবে তা কি বিশ্ব বিশ্বাস করবে? এই যুক্তিতে তিনি দাবি করেন, দিল্লির ওই প্রেস কনফারেন্স অবশ্যই ভারত সরকারের প্রত্যক্ষ ও পরোক্ষ সমর্থনেই অনুষ্ঠিত হয়েছে।
তিনি আরও বলেন, "৫ আগস্টের প্রেস কনফারেন্স বাংলাদেশের বিরুদ্ধে ছিল এবং এর মধ্য দিয়ে বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছে ভারত। আর বন্ধুত্বের কথা বলতে হলে ভারতকে হাসিনা ও ওসমান হাদির খুনিদের ফেরত দিতে হবে। সীমান্তে হত্যা নিয়ে মীমাংসা করতে হবে।"
বিরোধীদলীয় চিফ হুইপ জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাতের পর পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান প্রেস ব্রিফিংয়ে জানিয়েছেন যে ওসমান হাদির খুনি এবং শেখ হাসিনার প্রত্যর্পণ বিষয়ে আলোচনা হয়েছে। নাহিদ ইসলাম জানান, তিনি এই আলোচনার বাস্তবায়ন চান।
ভারত সরকার বাংলাদেশকে কীভাবে বিবেচনা করবে সে বিষয়ে ধারণা থাকলেও, বর্তমান সরকার কী পদক্ষেপ নেবে এবং রাজনৈতিক জনগোষ্ঠী হিসেবে তারা কীভাবে তা মোকাবিলা করবে, সেই ঐক্যের জায়গা খুঁজে বের করার কথা বলেন তিনি। এছাড়া নদীর পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করার দাবিও জানান নাহিদ ইসলাম।