বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি পারিবারিক ও রাজনৈতিক টান থাকলেও ভুল সিদ্ধান্তের বিষয়ে তাঁকে সতর্ক করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি ও সাবেক মন্ত্রী কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম।

বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘ডিবিসি নিউজ’-এ দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে রাজনৈতিক ইতিহাস, ব্যক্তিগত স্মৃতি এবং বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করতে গিয়ে তিনি এসব কথা বলেন। সাক্ষাৎকারে অলি আহমদ বলেন, "প্রধানমন্ত্রী তারেক রহমান আমার বড় মেয়ের সঙ্গে লেখাপড়া করেছে। তা আমি আমার ছেলের বিরুদ্ধে এখন কোনো কথা বলতে চাই না। কিন্তু তাঁকে সাবধান করে দিয়েছি। কারণ হৃদয়ের মধ্যে তার জন্য তো একটা টান রয়েছে।"

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবরণের স্মৃতিচারণ করে এই জ্যেষ্ঠ রাজনীতিবিদ জানান, জিয়াউর রহমানের মৃত্যুর পর জানাজা থেকে শুরু করে দাফন সম্পন্ন হওয়া পর্যন্ত তারেক রহমান ও আরাফাত রহমান কোকো নামের ছোট দুই সন্তানকে তিনি বুকে আগলে রেখেছিলেন। দাফন শেষে দুই সন্তানকে বেগম খালেদা জিয়ার কাছে হস্তান্তরের কথা উল্লেখ করে তিনি বলেন, শৈশব থেকে তাদের দেখে আসার কারণে হৃদয়ের গহীনে তাদের প্রতি মানবিক ও রাজনৈতিক টান থাকা স্বাভাবিক।

তৎকালীন এরশাদ সরকারের শাসনকাল স্মরণ করে বীর বিক্রম অলি আহমদ দাবি করেন, সেনাশাসক এরশাদ সে সময় বেগম খালেদা জিয়ার বাড়িতে তাঁর বাবা বা ভাইদের প্রবেশ করতে দেননি, তবে তাঁকে আটকানোর সাহস কারও ছিল না।

সাক্ষাৎকারে বিভিন্ন রাজনৈতিক ঘটনার বিবরণ দেওয়ার পাশাপাশি তিনি দেশের শাসনব্যবস্থাকে নিয়মতান্ত্রিক ধারায় ফিরিয়ে আনার আকুতি জানান। একইসঙ্গে তিনি প্রত্যাশা ব্যক্ত করেন যে, তারেক রহমান সফল হয়ে নিয়ম মেনে সুষ্ঠুভাবে দেশ পরিচালনা করবেন।