কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়ার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে এক ব্যক্তির প্রতি অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য করে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার মুখে পড়েছেন তিনি।
গত বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে মোবাশ্বের আলম ভূঁইয়া তার ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট করেন। সেখানে তিনি লেখেন, ‘হায়রে অপরাজনীতি, মিছিল করল আওয়ামী লীগ, খুশি হলো গফুর লীগ, ব্যর্থ হলো এমপি, বিচার করবে জনগণ’।
এই পোস্টের নিচে সৌরভ হোসেন সরওয়ার নামের এক ব্যক্তি মন্তব্য করেন, ‘মাননীয় এমপি মহোদয়, স্থানীয় সরকার নির্বাচনের সময় বোঝা যাবে যে আপনার সমন্বয়কেরা কতটুকু বিএনপিকে সুসংগঠিত করেছে।’ এর জবাবে এমপির অ্যাকাউন্ট থেকে অত্যন্ত কুরুচিপূর্ণ ভাষায় লেখা হয়, ‘..... (গালি) তোকে হিসাব করার জন্য কে দায়িত্ব দিছে?’
এমপির এই মন্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। অনেকেই ওই মন্তব্যে ‘হাহা’ রিঅ্যাকশন দেন এবং একজন জনপ্রতিনিধির এমন আচরণে ক্ষোভ প্রকাশ করেন। স্থানীয় বাসিন্দাদের মতে, রাজনৈতিক মতবিরোধ থাকা স্বাভাবিক, তবে সংসদ সদস্যের মতো উচ্চপদে আসীন ব্যক্তির কাছ থেকে অশালীন ভাষা প্রত্যাশিত নয়। তারা মনে করেন, ব্যক্তিগত আক্রমণ বা গালিগালাজের পরিবর্তে তথ্য ও যুক্তির মাধ্যমে কথা বলা উচিত ছিল, কারণ এ ধরনের আচরণ জনপ্রতিনিধির পদ ও প্রতিষ্ঠানের ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করে।
ঘটনার বিষয়ে জানতে মোবাশ্বের আলম ভূঁইয়ার মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘সত্য আমি লিখছি। হেতেরে টোকাইতেছি ধরবের লাইগা। এটার সাথে স্থানীয় সরকার নির্বাচনের কী লিখছি। আপনাদের মত সাংবাদিকরা বলবেন, এটা সুপার এডিট! না, এটা কোনো এডিট না, আমি যা বলছি, আমি এটা সত্য বলছি।’
নিজের ব্যবহৃত অশালীন ভাষা প্রসঙ্গে তিনি স্বীকার করেন, ‘আমি গালি দিছি। হেতের বিরুদ্ধে ১৪৪ ধারা জারি, তারে পাইলে ধরি নিয়ে আসমু।’
তিনি আরও বলেন, ‘হেতেরা মিছিল করছে, পুলিশ আসামি ধরছে, তাহলে এটা নিয়ে নাচে কেন! পারলে তাদেরকে ঠেকাবিনা। যেখানে এ ঘটনা, সেখানে আওয়ামী লীগের অধ্যুষিত এলাকা। বিএনপির ঘরানার লোক আমাকে বেজ্জতি করলে আমি কি আই লাভ ইউ বলব! আমি বলতে পারব না? সোজাসাপটা হিসাব।’