বাংলাদেশ-ভারত সীমান্তে বাংলাদেশি নাগরিকদের গুলি করে হত্যা এবং জোরপূর্বক ‘পুশ ইন’ বা ঠেলে পাঠানোর ঘটনা বন্ধ করার আহ্বান জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবির রংপুর সেক্টর এবং বিএসএফের গোপালপুর সেক্টর কমান্ডার পর্যায়ে আয়োজিত এক সৌজন্য বৈঠকে এই দাবি জানানো হয়।

গতকাল বুধবার বেলা সাড়ে ১১টায় লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার জোংড়া ইউনিয়নের ককোয়াবাড়ী সীমান্তে এই বৈঠক অনুষ্ঠিত হয়। প্রায় দুই ঘণ্টা স্থায়ী এই আলোচনায় বিজিবির পক্ষে নেতৃত্ব দেন রংপুর সেক্টর কমান্ডার কর্নেল রোবায়েত হাসান এবং বিএসএফের পক্ষে কোচবিহার জেলার গোপালপুর সেক্টরের কমান্ডার সংকটা প্রসাদ উপস্থিত ছিলেন।

বৈঠক সূত্রে জানা গেছে, বিজিবির পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয় যে, সীমান্তে গুলি চালিয়ে মানুষ হতাহত করা এবং ‘পুশ ইনের’ ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এছাড়া পুশ ইনের সমস্যা যথাযথ আইনি প্রক্রিয়ায় সমাধান করা, সীমান্তের ১৫০ গজের মধ্যে কোনো স্থাপনা বা অবকাঠামো নির্মাণ না করা, অবৈধ সীমান্ত পারাপার রোধ এবং চোরাচালানসহ আন্তরাষ্ট্রীয় অপরাধ দমনে তথ্য আদান-প্রদানের বিষয়ে বিএসএফ-কে আহ্বান জানানো হয়।

বৈঠকের বিষয়টি নিশ্চিত করে বিজিবির রংপুর সেক্টর কমান্ডার রোবায়েত হাসান আজ বৃহস্পতিবার বিকেলে মুঠোফোনে মুক্তকণ্ঠকে বলেন, "বিজিবি ও বিএসএফের সেক্টর কমান্ডার পর্যায়ে অনুষ্ঠিত কার্টেসি মিটিংয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এ বিষয়ে দুই দেশের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর সিদ্ধান্ত হয়েছে।"