ঝালকাঠির নলছিটিতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মীর মুখে মাস্ক ও মাথায় হেলমেট পরে ঝটিকা মিছিল করার ঘটনা ঘটেছে। বুধবার (১২ আগস্ট) বিকেলে উপজেলার সিদ্ধকাঠি ইউনিয়নের কালিয়ার জোড় এলাকায় এই মিছিলটি অনুষ্ঠিত হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওই মিছিলে মোট ছয়জন অংশগ্রহণ করেন। তাদের মধ্যে চারজন হেলমেট ও মাস্ক পরে ছিলেন এবং বাকি দুজনের মুখ উন্মুক্ত ছিল। এই সংক্ষিপ্ত মিছিলের নেতৃত্ব দেন নলছিটি পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আকাশ দাশ ও মো. শরিফুল ইসলাম শরিফ।
এদিকে, এই ঝটিকা মিছিলের একটি ভিডিও আওয়ামী লীগ ও ছাত্রলীগের কেন্দ্রীয় ভেরিফায়েড ফেসবুক পেজসহ মিছিলকারী মো. শরিফুল ইসলামের ব্যক্তিগত ফেসবুক আইডিতে প্রকাশ করা হয়েছে। সেখানে ভিডিওটিকে ‘নলছিটি পৌর ছাত্রলীগের বিক্ষোভ মিছিল’ হিসেবে উল্লেখ করে নেতৃত্বদানকারী নেতাদের নাম প্রকাশ করা হয়।
বিষয়টি নিয়ে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুজ্জামান সোহাগ বলেন, "নির্জন এলাকায় গোপনে ও চোরাগোপ্তা উপায়ে করা একটি মিছিলের ভিডিও আমাদের নজরে এসেছে। প্রচারিত ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে মিছিলে অংশ নেওয়া ব্যক্তিদের পরিচয় শনাক্তের কাজ চলছে। দ্রুতই তাদের গ্রেপ্তার করে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"