জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্য সংশোধনের প্রক্রিয়া আরও সহজ করতে নতুন উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এখন থেকে অনলাইনে যাচাইযোগ্য শিক্ষা সনদের বিপরীতে জন্মতারিখ সংশোধনের আবেদনগুলো মাঠপর্যায়ের কর্মকর্তারাই নিষ্পত্তি করবেন বলে জানিয়েছে কমিশন।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) ইসির জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক মো. সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক পরিপত্রে এই সিদ্ধান্ত জানানো হয়।

পরিপত্রে উল্লেখ করা হয়েছে, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সনদ অনুযায়ী জন্মতারিখ সংশোধন এবং আবেদনকারীর নিজস্ব নাম ও পিতা-মাতার নামের সম্পূর্ণ পরিবর্তনের বিষয়টি এনআইডির ডিজি নিষ্পত্তি করবেন।

পাশাপাশি নির্দেশনায় বলা হয়েছে, জন্মতারিখ এবং নিজ ও পিতা-মাতার নামের সম্পূর্ণ পরিবর্তন একবার করা হলে দ্বিতীয়বার আর সংশোধন করা যাবে না।

নির্বাচন কমিশনের এই নতুন নির্দেশনার ফলে সংশোধনীর আবেদনগুলো দ্রুত নিষ্পত্তি হবে বলে ধারণা করা হচ্ছে। এতে সাধারণ নাগরিকদের দীর্ঘ অপেক্ষার অবসান হবে এবং ভোগান্তি কমবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।