চাঁদপুরে সাগরিকা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে তায়্যেবা আক্তার (১৪) নামে নবম শ্রেণির এক মাদ্রাসাছাত্রীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) চাঁদপুর স্টেশন থেকে চট্টগ্রামগামী ট্রেনটি ছেড়ে যাওয়ার কিছুক্ষণ পর শহরের ছায়াবাণী রেলক্রসিংয়ের পূর্ব পাশে এই দুর্ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, ট্রেনটি যখন ছায়াবাণী রেলক্রসিং পার হচ্ছিল, তখন তায়্যেবা রেললাইন অতিক্রম করার চেষ্টা করেন। এতে তিনি চলন্ত ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান।
দুর্ঘটনার পর রেলওয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে একটি শিক্ষার্থী পরিচয়পত্র (আইডি কার্ড) উদ্ধার করে। ওই পরিচয়পত্রের তথ্য অনুযায়ী, নিহত তায়্যেবা চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুদী ইসলামিয়া সিনিয়র আলিম মাদ্রাসার নবম শ্রেণির ছাত্রী ছিলেন। তিনি বিষ্ণুদী মাদ্রাসা রোড এলাকার তাজুল ইসলাম ও আমেনা বেগম দম্পতির মেয়ে।
চাঁদপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিব কর জানান, "খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে নিহতের স্বজনেরা থানায় উপস্থিত হন। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।"